রংপুরের হয়ে অভিষেক হয়েছে আরিফুল হকের। অন্যদিকে সিলেটের হয়ে অভিষেক হয়েছে চলতি বছর ঘরের মাঠে যুব বিশ্বকাপ খেলা বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান জাকির আলীর। আর প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই আলো ছড়িয়েছেন তিনি। দিনশেষে ৬৩ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন। যদিও সিলেটের অবস্থা খুব একটা ভালো নয়।
আগে ব্যাটিং করা সিলেটকে চেপে ধরেছে রংপুরের বোলাররা। বিশেষ করে বাঁহাতি স্পিনার সোরওয়ার্দী শুভর ঘূর্ণিতে ২০৩ রান তুলতেই ৬ উইকেট হারায় সিলেট।
দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন সিলেটের মিডল অর্ডার ব্যাটসম্যান জাকির আলী। তিনি ১৩৫ বলে ৮ চার ও ১ ছয়ে অপরাজিত আছেন। সিলেটের ইনিংস আগেই শেষ হয়ে যেতে পারত। যদি না সপ্তম উইকেটে জাকির ও রাহাতুল ফেরদৌস মিলে ৬০ রানের জুটি গড়তেন। রাহাতুল ১৯ রানে অপরাজিত আছেন।
সিলেটর অন্য ব্যাটসম্যানের মধ্যে ওপেনার ইমতিয়াজ হোসেন ৩০, রাজিন সালেহ ২৫ রান করেছেন।
রংপুরের বোলারদের মধ্যে শুভ ৫৮ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া আলাউদ্দীন বাবু, মোহাম্মদ সাদ্দাম ও মাহমুদুল হাসান প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালে ভয় ভয় কণ্ঠে বড় ভাই অপুকে ক্রিকেটার হওয়ার স্বপ্নের কথা জানান অনিক। বড় ভাই নিজে ক্রিকেটার হওয়ায় ছোট ভাইয়ের আবদার ফেলে দেননি। সপ্তম শ্রেণি পড়ুয়া অনিককে নিয়ে ২০১০ সালের এক দুপুরে বিকেএসপিতে উপস্থিত হন। সেখানে ট্রায়াল দিয়ে টিকে যান জাকির আলী অনিক। এরপর বিকেএসপির বয়সভিত্তিক যত ক্রিকেট আছে সবগুলোই খেলেছেন তিনি। সেই সঙ্গে বিসিবির অধীনে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ সবগুলো টুর্নামেন্টেই খেলেন। এরপর খেলে ফেলেন ঘরের মাঠে যুব বিশ্বকাপ।
/আরআই/এফআইআর/