ঢাকা মেট্রোর বিপক্ষে কোণঠাসা বরিশাল

মেহবার হোসেন জুনিয়র খেলেছেন ৬১ রানের ইনিংসআবু হায়দার ও ইলিয়াস সানির বোলিংয়ে দ্বিতীয় দিন শেষে কোণঠাসা অবস্থায় বরিশাল বিভাগ। ঢাকা মেট্রোর প্রথম ইনিংসে করা ২৯২ রানের জবাবে খেলতে নেমে বরিশাল বিভাগ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। দিন শেষে ৫০ ওভারে তাদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান। এখনও পিছিয়ে ১২৭ রানে।

বিকেএসপির তিন নম্বর মাঠে ইনিংসের শুরুতেই ফিরে যান ওপেনার শাহিন হোসেন। এরপর শাহরিয়ার নাফীস ও ফজলে মাহমুদ মিলে দ্বিতীয় উইকেটে ৬৬ রানের জুটি গড়েন। ফজলে মাহমুদ ব্যক্তিগত ৩৮ রানে ফিরে গেলে ক্রিজে নামেন আবু সায়েম। সঙ্গী হারিয়ে ফিরে যান নাফীসও (৩২)।

দ্রুত ৪ উইকেট হারিয়ে খাদের কিনারায় এসে দাঁড়ায় বরিশাল। সেখানে থেকে টেনে তোলার চেষ্টা করে যাচ্ছেন আল আমিন জুনিয়র ও মনির হোসেন।  ষষ্ঠ উইকেটে এই দুজন মিলে গড়েছেন ৬৬ রানের জুটি। আল আমিন ৪০ ও মনির ৪৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

ঢাকা মেট্রোর বোলারদের মধ্যে আবু হায়দার রনি ও ইলিয়াস সানি প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া শামসুর রহমান নিয়েছেন একটি উইকেট।

মঙ্গলবার আগে ব্যাটিং করা ঢাকা মেট্রো ৭ উইকেট হারিয়ে ২৫৫ রান নিয়ে প্রথম দিন শেষ করে। বুধবার আরও ৩৭ রান যোগ হতেই অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেছেন মেহরাব হোসেন জুনিয়র।

/আরআই/কেআর/