প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৬৫ রানে শেষদিন খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। ১০০ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও ৭ রানে খেলছিলেন মিচেল স্টার্ক। আগের দিনের ১১ রানের অপরাজিত জুটিটি নিজেদের মতো করে খেলে গেছেন প্রথম সেশনের শেষ পর্যন্ত। তাদের ব্যাটেই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হয়েছে বেশ কিছু রেকর্ড। এ মাঠে স্মিথ-স্টার্কের ১৫৪ রানের জুটিটি সপ্তম উইকেটে তৃতীয় সর্বোচ্চ।
সোহেল খানের বলে আসাদ শফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার পথে স্টার্কও গড়েছেন একটি রেকর্ড। ৮৪ বলে ৯১ রানে ইনিংস খেলার পথে তিনি মেরেছেন ৭টি ছয়। এমসিজিতে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ছয় মারায় তিনি পেছনে ফেললেন আগের রেকর্ডধারী এন্ড্রু সাইমন্ডসকে (৬)। তার ক্যারিয়ারের অষ্টম ফিফটিটি এসেছে ৬৯ বলে। দলীয় ৬০৮ রানে স্টার্ক আউট হওয়ার পর নাথান লায়ন খুব বেশি সময় দিতে পারেননি স্মিথকে। ১২ রানে ইয়াসির শাহকে ফিরতি ক্যাচ তুলে দেন লায়ন। এরপরই ৮ উইকেটে ৬২৪ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ততক্ষণে হয়ে গেছে মেলবোর্নে সর্বোচ্চ দলীয় টেস্ট সংগ্রহের রেকর্ড। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৮১ রানের লিড এনে দিতে ১৬৫ রানে অপরাজিত ছিলেন স্মিথ, ২৪৬ বলে ১৩ চার ও ১ ছয়ে সাজানো তার ইনিংস।
৬ রানে ১ উইকেট হারিয়ে লাঞ্চে যাওয়া পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে অসহায় বানান লায়ন। তার স্পিনে দ্বিতীয় সেশনে আরও চার উইকেট হারায় সফরকারীরা।লায়ন ওই সেশনে তুলে নেন ইউনুস খান (২৪), মিসবাহ উল হক (০) ও আসাদ শফিকের (১৬) গুরুত্বপূর্ণ উইকেট তিনটি।
মাত্র ৯১ রানে ৫ উইকেট হারিয়ে চা বিরতিতে যায় পাকিস্তান। তখনও আজহার আলী শেষ ভরসা হয়ে ছিলেন। তবে শেষ সেশনে ফিরেই ৪৩ রানে হ্যাজলউডের শিকার হলেন গত ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান। এরপর দলের ভরসা হিসেবে আবির্ভাব ঘটে সরফরাজ আহমেদের। বেশ দেখেশুনে খেলছিলেন তিনি। কিন্তু শেষ বিকেলে স্টার্কের বল যেন কাউকে ছেড়ে কথা বলল না। শুরুটা হলো সরফরাজকে (৪৩) বোল্ড করে। বাঁহাতি স্টার্ক টানা তিন ওভারে মাত্র ১০ রানের মধ্যে শেষ তিন উইকেট তুলে নিয়ে দলকে অবিশ্বাস্য এক জয় উপহার দেন। ১৬৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
স্টার্ক চারটি, লায়ন তিনটি ও হ্যাজলউড দুটি উইকেট নেন। সূত্র- ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান- প্রথম ইনিংস- ৪৪৩/৯ ডিক্লে. ও দ্বিতীয় ইনিংস- ৫৩.২ ওভারে ১৬৩ (আজহার ৪৩, সরফরাজ ৪৩, স্টার্ক ৪/৩৬, লায়ন ৩/৩৩)
অস্ট্রেলিয়া- প্রথম ইনিংস- ১৪২ ওভারে ৬২৪/৮ ডিক্লে. (স্মিথ ১৬৫*, স্টার্ক ৮৪; সোহেল ৩/১৩১)
ফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ১৮ রানে জয়ী
ম্যাচ সেরা: স্টিভেন স্মিথ
সিরিজ: তিন ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-০ তে এগিয়ে
/এফএইচএম/