সমঝোতা স্মারক চুক্তি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে ৮ বছরে ছয়টি সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু এরই মধ্যে দুইটি সিরিজ বাতিল করেছে তারা। এজন্য বিরাট ক্ষতির দাবি করেছে পাকিস্তানের বোর্ড। এরই মধ্যে ভারতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সবুজ সংকেত পেয়েছে পিসিবি।
বোর্ডের সভাপতি শাহরিয়ার খান এক সভা শেষে বলেছেন, ‘সমঝোতা স্মারক চুক্তি অনুযায়ী ৮ বছরে পাকিস্তানের বিপক্ষে ছয়টি সিরিজ খেলার কথা ভারতের। কিন্তু এরই মধ্যে তারা দুটি সিরিজ খেলেনি। আমরা এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেব।’ কোন ধরনের মামলা দেওয়া হবে সেটাও জানালেন পিসিবি প্রধান, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও অন্য আন্তর্জাতিক সংস্থার সামনে সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। সবার চোখেল সামনেই হয়েছে এটা। আমরা একটি মামলার প্রস্তুতি নিচ্ছি যেখানে ভারতের কাছে ক্ষতিপূরণের দাবি তোলা হবে। এছাড়া আমাদের ক্ষতি পুষিয়ে দিতে আইসিসির কাছেও আবেদন জানানো হবে।’ সূত্র- ডন, এক্সপ্রেস ট্রিবিউন
/এফএইচএম/