তিন ফরম্যাট মিলিয়ে মাঠের আম্পায়ার হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড গড়লেন আলিম দার। সোমবার কেপ টাউনে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচে এ কীর্তির মালিক হন তিনি। ৪৮ বছর বয়সীর জন্য এটি ছিল ৩৩২তম আন্তর্জাতিক ম্যাচ। তিনি ছাড়িয়ে গেলেন সাবেক আম্পায়ার রুডি কোয়েৎজেনকে (৩৩১ ম্যাচ)।
সব মিলিয়ে দার ৪০৫ ম্যাচে আম্পায়ারিং করেছেন। ৩৩২ ম্যাচে মাঠে থেকে আম্পায়ারিং করা ছাড়াও ৭৩ ম্যাচ ছিলেন টিভি আম্পায়ার। দীর্ঘ ক্যারিয়ারে ২০০৯, ২০১০ ও ২০১১ সালে টানা তিনবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হন তিনি।
এই অর্জনের পর দারের পরবর্তী লক্ষ্য হতে পারে স্টিভ বাকনারের রেকর্ড, যিনি সবচেয়ে বেশি টেস্ট ম্যাচের দায়িত্বে ছিলেন। এ রেকর্ড থেকে খুব বেশি দূরে নেই দার। বাকনারের চেয়ে (১২৮) এক ম্যাচ পেছনে এ পাকিস্তানি আম্পায়ার। সূত্র- স্পোর্টসকিডা, ক্রিকইনফো
/এফএইচএম/