এলগারের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার প্রতিরোধ

সেঞ্চুরি পূরণের পর ডিন এলগারডিন এলগারের সেঞ্চুরিতেই তো কেপ টাউন টেস্টের প্রথম দিনটা দারুণভাবে শেষ করতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৯৭ রান।

কেপ টাউন টেস্টে টস জিতে বোলিংয়ে নামল শ্রীলঙ্কা। নেমেই করল বাজিমাত। শুরুতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকেই মনে হচ্ছিল স্বাগতিক দল! যদিও সব চাপ জয় করে প্রোটিয়াদের পথ দেখালেন ডিন এলগার। এই ওপেনারের সেঞ্চুরিতেই তো কেপ টাউন টেস্টের প্রথম দিনটা দারুণভাবে শেষ করতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৯৭ রান।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় স্বাগতিকরা। কোনও রান যোগ হওয়ার আগেই সুরঙ্গা লাকমলের বলে আউট হয়ে যান স্টিফেন কুক। রান খরায় ভোগা হাশিম আমলা ভালো শুরুর ইঙ্গিত দিলেও লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে যান ২৯ রান করে। দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি আরও খারাপ হয় যখন জেপি দুমিনিও যোগ দেন উইকেট হারানোর মিছিলে। এই ব্যাটসম্যান কোনও রান করার আগেই কুমারার শিকারে পরিণত হলে ৬৬ রানে স্বাগতিকরা হারায় তাদের তৃতীয় উইকেট।

এলগার অবশ্য এক প্রান্ত আগলে রেখে বাড়িয়ে নিচ্ছিলেন রান। সঙ্গী পেয়ে যান অধিনায়ক ফাফ দু প্লেসিসকে। চতুর্থ উইকেট জুটিতে তারা যোগ করেন ৭৬ রান। দু প্লেসিস ৩৮ রান করে আউট হলেও এলগার তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। লাকমলের বলে আউট হওয়ার আগে ২৩০ বলে খেলেন ১২৯ রানের ঝলমলে ইনিংস, যাতে ছিল ১৫টি চারের মার। ফিরে যাওয়ার আগে ষষ্ঠ উইকেটে কুইন্টন ডি ককের সঙ্গে আবার গড়েন ১০২ রানের কার্যকরী জুটি। হাফসেঞ্চুরি পূরণ করে ডি কক অপরাজিত আছেন ৬৮ রানে। তার সঙ্গে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন কাইল অ্যাবট (১৬*)।

প্রথম দিনে শ্রীলঙ্কার সফল বোলার কুমারা। ৮৬ রান দিয়ে এই পেসার নিয়েছেন ৩ উইকেট। আর লাকমলের ৬৯ রান খরচায় শিকার ২ উইকেট। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর :

(প্রথম দিন শেষে)

দক্ষিণ আফ্রিকা : ৯০ ওভারে ২৯৭/৬ (এলগার ১২৯, ডি কক ৬৮*, দু প্লেসিস ৩৮, আমলা ২৯; কুমারা ৩/৮৬, লাকমল ২/৬৯)।

/কেআর/