মুশফিককে টপকালেন মাশরাফি

মুশফিককে টপকালেন মাশরাফিঅধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে গেলেন বাংলাদেশের রঙিন পোষাকের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশিবার বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়েছেন অভিজ্ঞ এই পেসার।

মঙ্গলবার কিউইদের বিপক্ষে ৫০তম টি-টোয়েন্টি খেলতে নেমেছেন মাশরাফি। আর এই ৫০ ম্যাচের ২৪টিতে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আজকের ম্যাচের আগে মুশফিকের সঙ্গে সমান ২৩ ম্যাচ নেতৃত্ব দেওয়ার কীর্তি ছিল মাশরাফির। টেস্ট অধিনায়ক মুশফিক ২৩ ম্যাচ নেতৃত্ব দিয়ে জয় তুলে নিয়েছেন ৮টি ম্যাচে। অন্যদিকে মুশফিকের চেয়ে এখানেও এগিয়ে মাশরাফি। তার জয় ৯টি ম্যাচে।

বাংলাদেশের হয়ে ৫ ক্রিকেটার টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে সবচেয়ে সফল অবশ্যই মাশরাফি। তার সাফল্যের হার শতকরা ৪০.৯০ শতাংশ। যদিও এক হিসেবে সেরা অধিনায়ক শাহরিয়ার নাফীসই! কেননা তিনি ১০০ শতাংশ সফল। একটি মাত্র ম্যাচে অধিনায়কত্ব করে একটিতেই জিতেছেন অভিজ্ঞ এই টপ অর্ডার ব্যাটসম্যান। সাদা পোষাকের অধিনায়ক মুশফিকের সাফল্যের হার ৩৬.৩৬।

এছাড়া আছেন মোহাম্মদ আশরাফুল। তিনি ১১ ম্যাচ বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে তুলে নিয়েছেন দুটি জয়। শাহরিয়ার নাফীস একটি ম্যাচ নেতৃত্ব দিয়ে তুলে নিয়েছেন একটি জয়। কেবলমাত্র সাকিবের নেতৃত্বে বাংলাদেশ টি-টোয়েন্টিতে কোনও ম্যাচ জিততে পারেনি। তিনি চারটি ম্যাচ নেতৃত্বে দিয়ে সবগুলোই হেরেছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার নেপিয়ারে আরও একটি কীর্তি গড়েছেন মাশরাফি। বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ৫০তম ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক।

/আরআই/এফআইআর/