২০১৭ সালের শুরুটা ডেভিড ওয়ার্নারের হলো সোনায় মোড়ানো। গত বছরের শেষ দিকে ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের শাসন করা এই অস্ট্রেলিয়ান ওপেনার নতুন বছরেও ধরে রাখলেন ছন্দটা। তার সঙ্গে আরেক ওপেনার ম্যাট রেনশও নতুন মিশন শুরু করলেন আরও ধারালো হয়ে। তাতে নতুন বছরে অস্ট্রেলিয়ার শুরুটাও হলো দুর্দান্ত। এই দুই ওপেনারের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের প্রথম দিন শেষ করেছে তারা ৩ উইকেটে ৩৬৫ রানে।
টস জিতে ব্যাটিংয়ে নিতে এতটুকু দেরী করেননি অধিনায়ক স্টিভেন স্মিথ। তার সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল, সেটা প্রমাণ করতেও সময় নেননি ওয়ার্নার-রেনশ। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১৫১ রান। এই সময়ের মধ্যে ওয়ার্নার পূরণ করে নেন টেস্ট ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। ২০১৬ সালটা সেঞ্চুরি দিয়ে শেষ করা ওয়ার্নার নতুন বছরও শুরু করলেন সেঞ্চুরি দিয়ে। পাকিস্তানি বোলারদের ওপর ঝড় তুলে ৯৫ বলে খেলেন ১১৩ রানের বিধ্বংসী ইনিংস। যাতে ছিল ১৭টি চারের মার। তিনি আউট হওয়ার পর আরেক ওপেনার রেনশ পূরণ করেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।
পাকিস্তানের বোলারদের সুযোগই দেননি রেনশ। ১৬৭ রানে অপরাজিত থেকে শেষ করেছেন প্রথম দিনের খেলা। ২৭৫ বলের এই ইনিংসে রয়েছে ১৮টি চারের মার। ভালো শুরুর পরও অবশ্য ইনিংস লম্বা করতে পারেনি উসমান খাজা (১৩) ও অধিনায়ক স্মিথ (২৪)। দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন রেনশ অপরাজিত থাকা পিটার হ্যান্ডসকম্বের (৪০*) সঙ্গে।
প্রথম দিনে পাকিস্তানের সফল বোলার ওয়াহাব রিয়াজ। এই পেসার ৬৩ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর :
(প্রথম দিন শেষে)
অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস ৮৮ ওভারে ৩৬৫/৩ (রেনশ ১৬৭*, ওয়ার্নার ১১৩, হ্যান্ডসকম্ব ৪০*, স্মিথ ২৪; ওয়াহাব ২/৬৩)।
/কেআর/