মঙ্গলবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের শেষ রাউন্ডের খেলায় মুখোমুখি হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগ। টসে হেরে আগে ব্যাটিং করা রাজশাহী শুরুতেই কোণঠাসা হয়ে যায়। দুই রানে দুই উইকেট হারিয়ে তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রাজশাহী। কিন্তু ২০ রান করা জহুরুল ইসলাম ফিরে গেলে আবারও বিপর্যয়ে পড়ে তারা।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফরহাদ হোসেন রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেছেন। এছাড়া মাইশুকুর রহমান ৩২, সানজামুল ইসলাম ২৪ ও ফরহাদ রেজা ২২ রান করেছেন। শেষ পর্যন্ত ৫৪.২ ওভারে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান।
রংপুরের পেসার মোহাম্মদ সাদ্দাম ৫ উইকেট নিয়ে গুড়িয়ে দিয়েছেন রাজশাহীর ব্যাটিং লাইনআপ। তিনি ৫৭ রান খরচায় প্রথমবারের মতো ৫ উইকেট অর্জন করেছেন। এটা সাদ্দামের ক্যারিয়ারের তৃতীয় প্রথম শ্রেণীর ক্রিকেট। এছাড়া সাজেদুল ইসলাম ও আরিফুল হক প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।
রাজশাহীর প্রথম ইনিংসে দেওয়া ১৯২ রানের জবাবে খেলতে নেমে রংপুরের অবস্থাও ভালো নয়। শেষ বিকেলে দ্রুত দুই উইকেট হারালে দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৮৯ রান। লিটন কুমার দাস ৪১ রানে অপরাজিত আছেন। এছাড়া নাঈম ইসলাম ২৬ রান করে আউট হয়েছেন। দিনশেষে রংপুর পিছিয়ে ১০২ রানে; হাতে আছে ৬ উইকেট।
রাজশাহীর বোলারদের মধ্যে ইনজুরি থেকে ফেরা শফিউল ইসলাম ও ফরহাদ রেজা প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।
/আরআই/এফএইচএম/