কাপালি-ইমতিয়াজের ব্যাটে রানের পাহাড়ে সিলেট

ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি কাপালিরঅলক কাপালির ডাবল সেঞ্চুরি ও ইমতিয়াজ হোসেনের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে সিলেট। ১৪৩ ওভার ব্যাটিং করে ৫৫৫ রান সংগ্রহ করেছে দলটি। কাপালি ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন বিস্ফোরক ব্যাটিং করে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় লিগের শেষ রাউন্ডের চট্টগ্রামের বিপক্ষে আগে ব্যাটিং করা সিলেট প্রথম দিন শেষ করে ৩০৯ রানে। দ্বিতীয় দিনের শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের ওপর চড়াও হতে থাকেন অলক কাপালি। ২৬৬ বলে ১২ চার ও ১০ ছক্কায় ২০০ রানে অপরাজিত থাকেন তিনি। তার ডাবল সেঞ্চুরির পর পরই ইনিংস ঘোষণা করে সিলেট। এদিন তরুণ ক্রিকেটার জাকের আলী পেয়েছেন নিজের দ্বিতীয় হাফসেঞ্চুরি। খেলেছেন ৭৮ রানের ইনিংস। অন্যদিকে আগের দিনই সেঞ্চুরি পেয়েছিলেন ইমতিয়াজ হোসেন (১৩৪)।

চট্টগ্রামের বোলারদের মধ্যে ইফতেখার সাজ্জাদ সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এ ছাড়া নাঈম হাসান নিয়েছেন দুটি উইকেট।

৫৫৫ রানের চাপ মাথায় রেখে চট্টগ্রাম দ্বিতীয় দিনের শেষ বিকালে তাদের প্রথম ইনিংস শুরু করে। দিন শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১১৫ রান। নাফিস ইকবাল ৫১ ও ইয়াসির আলী ৫৩ রানে অপরাজিত আছেন। চট্টগ্রাম এখনও পিছিয়ে ৪৪০ রানে, হাতে রয়েছে ৭ উইকেট।

সিলেটের বোলারদের মধ্যে আবু জায়েদ রাহি সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এ ছাড়া রাহাতুল ফেরদৌস নিয়েছেন একটি উইকেট।

/আরআই/কেআর/