জয়ের সুবাস পাচ্ছে দক্ষিণ আফ্রিকা

আরেকটি উইকেট, দক্ষিণ আফ্রিকার উৎসবজিততে হলে শ্রীলঙ্কার এখনও চাই ৩৭৭ রান। ৬ উইকেটের অপেক্ষায় থাকা দক্ষিণ আফ্রিকা তাই পেতে শুরু করেছে জয়ের সুবাস।

৫০৭ রানের লক্ষ্য। চতুর্থ ইনিংসে ডিঙানোটা গহীন অরণ্য পাড়ি দেওয়ার মতোই ব্যাপার। কঠিন সেই পথ চলতে গিয়ে শ্রীলঙ্কা চাপে পড়ে গেছে শুরু থেকেই। কেপ টাউন টেস্টের তৃতীয় দিন শেষ করেছে তারা ৪ উইকেটে ১৩০ রানে। জিততে হলে তাদের এখনও চাই ৩৭৭ রান। ৬ উইকেটের অপেক্ষায় থাকা দক্ষিণ আফ্রিকা তাই পেতে শুরু করেছে জয়ের সুবাস।

প্রথম ইনিংসে ৩৯২ রানে অলআউট হয়ে শ্রীলঙ্কাকে ১১০ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা। বোলারদের দাপটের পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্রুত গতিতে রান তোলে স্বাগতিকরা। ৭ উইকেটে ২২৪ রানে ইনিংস ঘোষণা করে লঙ্কানদের দেয় কঠিন রানের চ্যালেঞ্জ। আগের ইনিংসে সেঞ্চুরি পাওয়া ডিন এলগার এবার করেছেন ৫৫ রান। এ ছাড়া স্টিভেন কুক (৩০), জেপি দুমিনি (৩০), ফাফ দু প্লেসিস (৪১) ও কুইন্টন ডি ককের (২৯) ছোট ছোট ইনিংসগুলোর ওপর দিয়ে ৫০৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীদের দিকে।

কঠিন সেই লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই শ্রীলঙ্কা হারায় ২ উইকেট। দিমুথ করুণারত্নের (৬) পর ফেরেন কুশল মেন্দিস (৪)। দুটো উইকেটই নেন ভারনন ফিল্যান্ডার। এর পর কাগিসো রাবাদার বলে আউট হয়ে যান ধনাঞ্জয় ডি সিলভা (২২)। প্রোটিয়া এই পেসারই আবার আঘাত হানেন লঙ্কান ব্যাটিং লাইনে। এবার তার শিকার কুশল সিলভা (২৯)। ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা শ্রীলঙ্কাকে টেনে তোলেন দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুজ (২৯*) ও দীনেশ চান্ডিমাল (২৮*)। পঞ্চম উইকেটে ৬১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শেষ করেছেন তৃতীয় দিনের খেলা। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর :

(তৃতীয় দিন শেষে)

দক্ষিণ আফ্রিকা : ৩৯২ ও ২২৪/৭ (ডিক্লে.) (এলগার ৫৫, দু প্লেসিস ৪১, দুমিনি ৩০; লাকমাল ৪/৬৯)।

শ্রীলঙ্কা : ১১০ ও দ্বিতীয় ইনিংসে ৪০ ওভারে ১৩০/৪ (ম্যাথুজ ২৯*, কুশল সিলভা ২৯, চান্ডিমাল ২৮*; রাবাদা ২/২২, ফিল্যান্ডার ২/৩৪)।

/কেআর/