শিরোপা জিতলো খুলনা

DSC_1219ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে ফের শিরোপা জিতলো খুলনা বিভাগ। বৃহস্পতিবার শেষ রাউন্ডে ঢাকা মেট্রোকে তিন দিনে ৩৯৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে দলটি।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খুলনার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা মেট্রো। ৫০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫৭ রানেই ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১০ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। যেখানে সর্বোচ্চ ২৯ রান আসে অধিনায়ক মার্শাল আইয়ুবের ব্যাট থেকে।
১৪ ওভারে ৪১ রান দিয়ে ৬ উইকেট নেন খুলনার পেসার আল-আমিন। ৪২ রানে ৩ উইকেট নেন স্পিনার আব্দুর রাজ্জাক।  বাকি উইকেটটি নেন আশিকুজ্জামান।
এর আগে অবশ্য ৩ উইকেটে ২৭২ রান নিয়ে দিন শুরু করেছিল খুলনা।  ৭৩ রান নিয়ে দিন শুরু করা তুষার ইমরান এদিন তুলে নেন লিগে তার টানা তৃতীয় সেঞ্চুরি।  তুষারের ১৩৮ ও বিজয়ের ১২২ রানের সুবাদে ৫ উইকেটে ৪২৩ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে খুলনা।  ফলে ঢাকা মেট্রোর সামনে লক্ষ্য দাঁড়ায় ৫০৯ রান।
যৌথভাবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন খুলনার এনামুল হক বিজয় ও আল-আমিন হোসেন।
এই জয়ে ছয় রাউন্ড শেষে খুলনার সংগ্রহ ৫৮ পয়েন্ট। ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা বিভাগ শেষ রাউন্ডে বরিশালের বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট হবে ৫৪।  আর এর মধ্য দিয়ে পঞ্চম শিরোপা জিতলো খুলনা।  সমান সংখ্যকবার শিরোপা জিতেছে রাজশাহী বিভাগও।  তবে তারা ২০১১-১২ মৌসুম পর আর শিরোপার মুখ দেখেনি।

/এফআইআর/