বাংলাদেশ টেস্ট আয়োজন না করার খবরে হায়দরাবাদের প্রতিবাদ

এইচসিএ’র সেক্রেটারি কে. জন মনোজভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) এক সূত্রমতে ভারত ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট আয়োজনে অপারগতা প্রকাশ করেছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ)। এ খবরের কয়েক ঘণ্টা পরই একে মিথ্যা দাবি করেছেন এইচসিএর সেক্রেটারি কে. জন মনোজ।

ফান্ডের অভাবে হায়দরাবাদের উপল গ্রাউন্ডে ম্যাচ আয়োজন করতে চায় না এমন খবর দুপুরের দিকে জানায় বিসিসিআই। তবে মনোজ পরিষ্কার করে জানালেন, তারা একটি চিঠি দেশের শীর্ষ বোর্ডকে লিখেছিল। বাংলাদেশের বিপক্ষে টেস্টের ফান্ড চেয়ে সেটি লিখা হয়েছে জানান প্রাদেশিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের এ কর্মকর্তা।

মুম্বাইয়ে বিসিসিআইর সূত্রের বরাতে প্রকাশিত খবরের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনোজ বলেছেন, ‘রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী মাসের টেস্ট ম্যাচ আয়োজন থেকে ফিরে আসার কোনও উপায় নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফান্ড চেয়ে আমি বিসিসিআইকে দুইদিন আগে চিঠি লিখেছিলাম।’

তাহলে কী ফান্ড না পেলে এইচসিএ এ টেস্ট আয়োজন থেকে সের দাঁড়াবে? এ প্রশ্নে মনোজের সোজাসাপ্টা উত্তর- কোনোভাবেই না। বরং এ টেস্ট আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা, ‘বিসিসিআই কর্মকর্তা পি. আর. বিশ্বনাথ হায়দরাবাদে আসবেন (সোমবার)। এইচসিএ কিউরেটরের সঙ্গে পিচের প্রস্তুতি নিয়ে কথা বলবেন তিনি। আমাদের টেস্ট ম্যাচের প্রস্তুতি ভালোভাবে এগোচ্ছে। এমনকি সোমবার নির্বাহী কমিটির মিটিং হবে এনিয়ে।’

শুধু মনোজ নন, টেস্ট আয়োজনের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন এইচসিএর অন্তর্বর্তীকালীন প্রধান নরেন্দ্র গোউদ। দুইদিন আগে অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেওয়া এ কর্মকর্তা বলেছেন, ‘আমি যতদূর জানি এইচসিএ টেস্ট ম্যাচ আয়োজনের ভালোভাবে এগিয়ে যাচ্ছে। যাই হোক না কেন আমরা এটা আয়োজন করব।’ সূত্র- স্পোর্টস্টার

/এফএইচএম/