সৌরভ গাঙ্গুলিকে মেরে ফেলার হুমকি

সৌরভরাজনীতির সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। ক্রিকেট ছাড়ার পর সৌরভ গাঙ্গুলি এখনও ডুবে আছেন খেলা নিয়ে। পশ্চিম বঙ্গের কাছে তিনি ‘প্রিন্স অব ক্যালকাটা’। সেই তাকেই কিনা হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতনামা এক চিঠির মাধ্যমে।

ভারতীয় মিডিয়ায় গুঞ্জনটা উড়ছে দুই দিন আগে থেকে। যদিও আসল বিষয়টা সামনে আসেনি। শোনা যাচ্ছিল, মেদিনীপুর বিশ্ববিদ্যালেয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন গাঙ্গুলি ১৯ জানুয়ারি। সেই অনুষ্ঠানে যেন তিনি উপস্থিত না হন, সেই ভয় দেখিয়েই ৭ জানুয়ারি নামহীন এক চিঠি আসে। যে চিঠিতে তাকে হত্যার হুমকি দিয়েছে কোনও একজন। সোমবার গাঙ্গুলি নিজেই নিশ্চিত করেছেন তার হত্যার হুমকির বিষয়টি। সংবাদমাধ্যমের সামনে ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ‘হ্যা, গত ৭ জানুয়ারি আমি একটা চিঠি পেয়েছি। বিষয়টা আমি পুলিশকে জানিয়েছি ইতিমধ্যে। ওই বিশ্ববিদ্যালয়ের আয়োজকদেরকেও জানিয়েছি।’ হত্যার হুমকি পাওয়ার পরও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যোগ দেবেন কিনা, এমন প্রশ্নে গাঙ্গুলি বলেছেন, ‘দেখা যাক কি হয়, এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেইনি। অনুষ্ঠান তো সরাসরিই হবে, তাই আপনারা নিশ্চয় জানতে পারবেন আমি গিয়েছি কিনা।’

ভারতীয় সংবাদমাধ্যম ‘পিটিআই’-এর খবর ছিল, হত্যার হুমকি দিয়ে লেখা চিঠিটি এসেছিল গাঙ্গুলির মা নিরুপার নামে। যেখানে লেখা ছিল, ‘তোমার ছেলেকে মারাত্মকভাবে সর্তক করা হচ্ছে, যাতে সে অনুষ্ঠানে উপস্থিত না হয়। যদি সাহস দেখিয়ে সে ওখানে যায়, তাহলে তাকে তুমি আর কখনও দেখতে পাবে না।’ হিন্দুস্তান টাইমস

/কেআর/