রুমানাদের দক্ষিণ আফ্রিকা চ্যালেঞ্জ

bangladesh-ladies-cricket-teamদক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের বিপক্ষে বাংলাদেশের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের কোল ঘেঁষে তৈরি হওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে। দুই দলই এরই মধ্যে পৌঁছে গেছে কক্সবাজারে। সিরিজের পরবর্তী চারটি ম্যাচ হবে ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি।

অনেক দিন ধরে জাতীয় দলে খেলা শুকতারা বাদ পড়েছেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে।

এছাড়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে শামিমা সুলতানার জায়গায় দলে ঢুকেছেন নুজহাত তাসনিয়া টুম্পা। অন্যদিকে টি-টোয়েন্টির বিশ্ব আসরের পর দল থেকে বাদ পড়া টপঅর্ডার ব্যাটসম্যান শারমিন আক্তার সুপ্তাও ফিরেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াডে।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচগুলোতে তেমন সুখকর অভিজ্ঞতা নেই রুমানা আক্তারদের। এবার বাংলাদেশের মেয়েদের আগের পরিসংখ্যানকে ‘বুড়ো আঙুল’ দেখানোর সুযোগ।

বাংলাদেশের মেয়েরা এই প্রথম কোনও দলের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে। এর আগে দুই দল ৬বার মুখোমুখি হয়েছে। প্রথম মুখোমুখিতে জিতেছিল বাংলাদেশ। তারপর ছন্দপতন ঘটেছে, এখনও প্রোটিয়াদের বিপক্ষে হারানো ছন্দ ফিরে পায়নি রুমানারা। ২০১২ সালের সেপ্টেম্বরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম লড়াইয়ে ২ উইকেটে জিতেছিল বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষকে ৭৫ রানে অলআউট করে দিয়ে ২ উইকেটে জিতেছিল স্বাগতিকরা। ওই সিরিজে শেষ দুটি ম্যাচ অবশ্য ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা।

এরপর ২০১৩ সালে বাংলাদেশের মেয়েরা সফরে যায় দক্ষিণ আফ্রিকায়। সেখানেও তিনটি ম্যাচ খেলতে মাঠে নামে। যার সবগুলোতেই হার দেখতে হয়েছিল সালমা খাতুনের নেতৃত্বে খেলা বাংলাদেশ দলকে।

তিন বছর পর বাংলাদেশে খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। এবার ৫ ম্যাচের সিরিজ। নতুন কোচ, নতুন অধিনায়কের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয়তো ভালো কিছুই করবে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ দল : রুমানা আহমেদ (অধিনায়ক), জানাহারা আলম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, শারমিন আক্তার, ফারজানা হক, নিগার সুলতানা, খাদিজাতুল কুবরা, ঋতু মনি, সালমা খাতুন, শায়লা শারমিন, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, লতা মণ্ডল ও নুজহাত তাসনিয়া টুম্পা।

দক্ষিণ আফ্রিকা দল : ডেন ফন নাইকার্ক (অধিনায়ক), সুন লুস, মিগনন ডু প্রিজ, মসলিন ডেনিয়েলস, মারিজান ক্যাপ, মার্সিয়া মাতসিপি লেতসাওলা, ওডিন কার্স্টেন, লিজেল লি, আদ্রিয়ে স্টেইন, ইয়োলানি ফোরি, আয়োবোঙ্গা খাকা, ক্লো ট্রাইওন, সিনালো জাফটা ও লারা গুডঅল।

/আরআই/কেআর/