সে ক্ষেত্রে প্রথম ইনিংসে রান কত হলে তা বাংলাদেশের জন্যে নিরাপদ হবে জানতে চাইলে তামিম বলেন, ‘এই মুহূর্তে লক্ষ্য বলাও কঠিন। আমি একটা ৩০০-৪০০ লক্ষ্য বলে দিলাম কিন্তু তা হয়তো অন্য রকম হলো। আসলে লক্ষ্যটা নির্ভর করছে কাল সকালের সেশনের ওপর। কাল সকালের সেশনটা যদি আমরা ভালো করি তাহলে একটা লক্ষ্য ঠিক করা যাবে। ’
সেঞ্চুরি করতে না পারার কারণে কি আফসোস হচ্ছে? এ প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘একজন ব্যাটসম্যান যদি ভালো রান পায়, লম্বা ইনিংস খেলে তার মাঝে সেঞ্চুরির আশা জাগতেই পারে। আমার ক্ষেত্রে সন্তুষ্টির হচ্ছে আমি কোনও বাজে বল খেলে আউট হইনি।’
ওয়ানডে, টি-টোয়েন্টিতে একটা ভালো সূচনার পরও দল যেভাবে বিপর্যয়ে পড়েছে টেস্টেও সে রকম পুনরাবৃত্তি হবে কিনা জানতে চাইলে তামিম বলেন, ‘সে সব খেলায় আমরা কী কী ভুল করেছিলাম তা আমরা জানি। কিন্তু টেস্ট সম্পূর্ণ আলাদা ফরম্যাটের খেলা। এখানে খেলা হয় সেশন বাই সেশন। ’
তামিম আরও যোগ করেন, ‘ওয়েলিংটনের পরিস্থিতি ব্যাটসম্যানদের জন্যে আদর্শ কোনও পরিস্থিতি না। যে কোনও ব্যাটসম্যান এখানে টিকে থাকার লড়াই করে। আজকের বৃষ্টি বিঘ্নিত দিনের পরিস্থিতি দেখুন। সে হিসাবে বলবো আমরা খুব দারুণ খেলেছি। প্রথমে চল্লিশ মিনিট খেলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলো। আবার আমাদের সবকিছু নতুন করে শুরু করতে হলো। এরপর আবার খেলা বন্ধ হলো। এসব সত্ত্বেও বলতে পারি বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন আমরা খুব ভালো খেলেছি। ’
/এফআইআর/