ছন্দটা ধরে রাখতে চান সাইফ

সাইফ হাসানশনিবার থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসর। এই আসরে যুব দলের অধিনায়ক সাইফ হাসান খেলবেন ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

বিসিএলের চলতি আসরে জাতীয় লিগের ফর্মটা ধরে রাখতে চান তরুণ এই টপ অর্ডার ব্যাটসম্যান। জাতীয় লিগে ৫ ম্যাচে দুই সেঞ্চুরিতে ৩৬২ রান করেছেন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার। এই বয়সেই পেয়ে গেছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।

বুধবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাইফ নিজের পরিকল্পনা ভাগাভাগি করেছেন এভাবে, ‘এনসিএলটা খুব ভালো কেটেছে। একটা ডাবল সেঞ্চুরির সঙ্গে সেঞ্চুরিও করেছি। এই ফর্মটা ধরে রাখতে পারলে ভবিষ্যতের জন্য খুব ভালো হবে। আমার সেই চেষ্টাই থাকবে।’

তিনি আরও যোগ করলেন, ‘অনূর্ধ্ব-১৯ এর বাইরে আমাদের জাতীয় লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ছাড়া আর কোনও খেলা থাকে না। আমার জন্য প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। ভালো করতে পারলে আমার জন্য খুব ভালো হবে।’

সাইফ বড় দৈর্ঘ্যের ক্রিকেট উপভোগ করেন বলে জানালেন, ‘বড় দৈর্ঘ্যের ক্রিকেট অবশ্যই উপভোগ করি। যদি আপনার টেম্পারমেন্ট ভালো থাকে, আপনার ধৈর্য্য ভালো থাকে আপনি ভালো খেলবেন। এখানে সময় নেওয়া যায়, সময় নেওয়ার সুযোগটা থাকেও। সীমিত ওভারের ক্রিকেটে সময় খুব কম থাকে। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে এটা আমাকে খুব সহায়তা করে।’

16265646_10212185954632648_5843171363471358327_nসর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোনের এবারও লক্ষ্য শিরোপা। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করা ওয়ালটনের সবচেয়ে তরুণ খেলোয়াড় সাইফ। প্রস্তুতি নিয়ে তিনি বলেছেন, ‘আমাদের প্রস্তুতি খুব ভালো হচ্ছে। অন্য দলগুলো কেবল অনুশীলন শুরু করেছে, আমরা কয়েকদিন ধরে অনুশীলন করছি। নিজেও আলাদাভাবে অনুশীলন করছি। সব মিলিয়ে প্রস্তুতি খুব ভালো, এখন মাঠে কেমন পারফরম করি সেটাই দেখার।’

দলের ব্যাটিং বিভাগ শক্তিশালী উল্লেখ্য করে সাইফ বলেছেন, ‘চারবারের মধ্যে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের ব্যাটিং খুব ভালো। সবাই পারফরমার। পেসারা খুব ভালো। স্পিনে রুবেল ভাই আছেন। দল সব মিলিয়ে খুব ভালো। এদের মধ্যে যদি আমিও পারফরম করতে পারি, খুব ভালো হবে।’

/আরআই/কেআর/