ব্যাঙ্গালুরু শহরেই বেড়ে উঠেছেন রাহুল দ্রাবিড় এবং একই শহরে শিক্ষাদীক্ষা নিয়েছেন। আর দেশের ক্রিকেটে তার দারুণ অবদান অনস্বীকার্য। তাই ঘরের ছেলেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ব্যাঙ্গালুরু বিশ্ববিদ্যালয়। কিন্তু সেটা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন ‘দ্য ওয়াল’।
বৃহস্পতিবার ছিল বিশ্ববিদ্যালয়টির ৫২তম বার্ষিক কনভোকেশন অনুষ্ঠান। সেখানেই দ্রাবিড়কে সম্মান দেওয়ার চিন্তা করেছিল শিক্ষা প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়টি তাদের বিবৃতিতে জানায়, খুব বিনয়ের সঙ্গে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন সাবেক অধিনায়ক। অবশ্য ডক্টরেট ডিগ্রি পেতে আগ্রহী তিনি। কিন্তু সম্মানসূচক নয়, ক্রীড়া বিষয়ে কোনও প্রাতিষ্ঠানিক গবেষণা করেই ডক্টরেট ডিগ্রি নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া দ্রাবিড়ের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টি জানায়, ‘তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন যে সম্মানসূচক হিসেবে এ ডিগ্রি নেওয়ার চেয়ে ক্রীড়াঙ্গন নিয়ে কোনও প্রাতিষ্ঠানিক গবেষণা করে এটা অর্জন করতে চান।’ সূত্র- এনডিটিভি
/এফএইচএম/