পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ এ সিডনিতেই নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে বৃহস্পতিবারের ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য মর্যাদা রক্ষার। কিন্তু সিরিজের সর্বোচ্চ ৩৭০ রানের লক্ষ্য তাড়া করতে সফল হলো না তারা। পঞ্চম ও শেষ ওয়ানডেতে ৫৭ রানে হেরেছে পাকিস্তান। আর অস্ট্রেলিয়ার জন্য ৪-১ ব্যবধানে সিরিজ জয় নিউজিল্যান্ড সফরে ভালো আত্মবিশ্বাস যোগাবে।
অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে করে ৩৬৯ রান। যার সিংহভাগই এসেছে ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের উদ্বোধনী জুটিতে। ২৮৪ রানের জাতীয় রেকর্ড গড়েছেন তারা। যে কোনও উইকেটে এটি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের জুটি। দুইজনের মধ্যে সবচেয়ে বেশি ১৭৯ রানের ইনিংস খেলেন ওয়ার্নার। সিরিজে তার টানা সেঞ্চুরি এসেছে মাত্র ৭৮ বলে। ১১ চার ও ২টি ছয়ে একশ ছোঁয়া ইনিংসকে তিনি আরও সামনে নিয়ে যান। ১০৭ বলে করেন ক্যারিয়ারের পঞ্চম দেড়শ রানের ইনিংস।
অবশেষে ওয়ার্নার ক্যারিয়ার সেরা ১৭৯ রানে ফিরলে এ জুটি ভাঙে। জুনাইদ খানের বলে বাবর আজমকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অজি ওপেনার। ১২৮ বলে ১৯ চার ও ৫ ছয়ে সাজানো তার ইনিংস। হেড ১২৮ রানে ফিরেছেন পঞ্চম ব্যাটসম্যান হিসেবে। স্মিথ (৪) সুবিধা করতে পারেননি। ৮৩ রানের ব্যবধানে অজিরা ৭ উইকেট হারায়, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে তো চলে যায় অনেক আগেই।
বিরাট লক্ষ্যে নেমে মাত্র ১০ রানেই আজহার আলি সাজঘরে ফেরেন। অধিনায়কের পদ বাঁচাতে তার শেষ আশাটুকু ভেস্তে গেল আরেকটি বাজে ইনিংস খেলে। তবে সারজীল খানের (৭৯) হাফসেঞ্চুরি ও আজমের (১০০) সেঞ্চুরি কিছুটা স্বস্তিতে রেখেছিল পাকিস্তানকে। কিন্তু মিচেল স্টার্কের তোপ সামলাতে সফল হয়নি মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা। ইনিংসের ৫ বল বাকি থাকতে ৩১২ রানে গুটিয়ে যায় সফরকারীরা। সূত্র- ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া- ৫০ ওভারে ৩৬৯/৭ (ওয়ার্নার ১৭৯, হেড ১২৮; জুনাইদ ২/৬১, হাসান ২/১০০)
পাকিস্তান- ৪৯.১ ওভারে ৩১২ (আজম ১০০, সারজীল ৭৯; স্টার্ক ৪/৪২)
ফল- অস্ট্রেলিয়া জয়ী ৫৭ রানে
সিরিজ- অস্ট্রেলিয়া ৪-১ এ জয়ী
ম্যাচসেরা- ডেভিড ওয়ার্নার
সিরিজসেরা- ডেভিড ওয়ার্নার
/এফএইচএম/