শেষ ওভারের নাটকীয়তায় সমতা ফেরাল ভারত

লোকেশ রাহুলের ব্যাটেই লড়াই করার মতো সংগ্রহ করে ভারতটি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে আরেকবার নিজেদের ব্যাটিং দৈন্যদশা দেখায় ভারত। অন্যদিকে ১৪৫ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ম্যাচটিও জয়ের আভাস জাগায় ইংলিশরা। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় ৫ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরাল ভারত।

রবিবার নাগপুরে টসে হেরে ব্যাটিং করতে নেমে বিপদে পড়ে স্বাগতিকরা। অধিনায়ক বিরাট কোহলি মাত্র ২১ রানে ক্রিস জর্ডানের শিকার হন। দলীয় ৫৬ রানে আদিল রশিদের কাছে দ্বিতীয় উইকেট হারায় ভারত, ৭ রানে আউট ‍সুরেশ রায়না। আরও ১৩ রান যোগ করতে যুবরাজ সিং (৪) শিকার হন মঈন আলির। মা্ত্র ৬৯ রানের মধ্যে ৩ উইকেট নেই স্বাগতিকদের।

এরপর লোকেশ রাহুল চতুর্থ উইকেটে মনীষ পান্ডেকে নিয়ে ৫৬ রানের স্বস্তি ফেরানো জুটি গড়েন। জর্ডানের কাছে ব্যক্তিগত ইনিংস সেরা ৭১ রানে রাহুল উইকেট হারালে আবার ব্যাটিং ধসের মুখোমুখি হয় ভারত। আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষ ওভারে তিন উইকেট হারায় কোহলির দল। দুটি রান আউট ও শেষ বলে মহেন্দ্র সিং ধোনি তৃতীয় শিকার হন জর্ডানের। ভারত ২০ ওভারে মাত্র ১৪৪ রান করে ৮ উইকেটে।

লক্ষ্যে নেমে আশিষ নেহরার পরপর দুই বলে ইংল্যান্ড দুই ওপেনার স্যাম বিলিংস (১২) ও জ্যাসন রয়কে (১০) হারায়। তবে সমস্যা হয়নি। জো রুট তৃতীয় উইকেটে অধিনায়ক ইয়ন মরগানকে নিয়ে ৪৩ রানের জুটি গড়েন। মরগান মাত্র ১৭ রানে সাজঘরে ফিরলে বেন স্টোকসের সঙ্গে ৫২ রানের জুটি গড়ে দলকে স্বস্তিতে রাখেন রুট। ৩৮ রানে নেহরার বলে স্টোকস আউট হন।

জয়ের আভাস পাচ্ছিল ইংলিশরা। শেষ দুই ওভারে ২৪ রান দরকার হলে ১৯তম ওভারে ১৬ রান তুলে নেন রুট ও জোশ বাটলার। কিন্তু শেষ ওভারের নাটকীয়তা বাকি ছিল। জশপ্রিত বুমরাহ সাজঘরে ফেরান রুট (৩৮) ও বাটলারকে (১৫)। শেষ দুই বলে ৬ রান দরকার হলে পারেনি সফরকারীরা। ২০ ওভারে ৬ উইকেটে ইংল্যান্ড করে ১৩৯ রান।

/এফএইচএম/