আইসিসির প্রস্তাবিত কাঠামোতে উদ্বেগের কিছু নেই: বিসিবি সভাপতি

নাজমুল হাসান পাপন (ফাইল ফটো)আইসিসির প্রস্তাবিত পরিবর্তিত ক্রিকেট কাঠামোতে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই- বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। 

দুবাইতে গত শনিবার সমাপ্ত আইসিসি বোর্ড সভার খুঁটিনাটি আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন পাপন। তিনি বলেছেন, ‘প্রস্তাবিত কাঠামোতে বাংলাদেশের ভয়ের কিছু নেই, কারণ আগের প্রস্তাবিত কাঠামোতে ছিল প্রমোশন-রেলিগেশনের উপস্থিতি। আইসিসি সভায় বাংলাদেশকে নিয়ে যে পর্যালোচনা দেওয়া হয়েছে সেটায় বাংলাদেশ খুব ভালো অবস্থানেই আছে। আমাদেরকে এ নিশ্চয়তা দেওয়া হয়েছে যে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের কোনও সমস্যা হবে না।’ বাংলাদেশ নিয়মিত ভিত্তিতেই বড় দলগুলোর সঙ্গে খেলবে জানান পাপন। 

এর আগে প্রস্তাবিত দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট কাঠামোর জোরালো প্রতিবাদ করেছিল বাংলাদেশ্। পাপন আরও যোগ করেছেন, ‘সব কৃতিত্ব বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের, যারা মাঠে ভালো নৈপুণ্য দেখিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। বাংলাদেশ উন্নতি করেছে এবং বড় দলগুলোর সঙ্গে লড়তে পারে, এটা আজ সবাই বিশ্বাস করে।’

বিশ্ব ক্রিকেটের পরিবর্তিত কাঠামোতে বাংলাদেশ আর্থিকভাবে লাভবান না ক্ষতিগ্রস্থ হবে এমন প্রশ্নের উত্তরে পাপন বলেন, ‘এই প্রশ্নের উত্তর এখন কেউই দিতে পারবে না কারণ এর বাস্তবায়ন এখনও বহু দূরের পথ। এটি এখনও তো অনুমোদিতই হয়নি। তবে নতুন কাঠামোতে অস্ট্রেলিয়া যে পরিমাণ অর্থ পাওয়ার কথা তার সমপরিমাণ তো বাংলাদেশেরও প্রাপ্য।’ বিসিবি সভাপতি আরও বলেছেন, ‘প্রস্তাব নিয়ে এখন সদস্য দেশগুলো আলেচনা-পর্যালোচনা করবে, তারা তাদের যুকিতর্ক উপস্থাপন করবে। আগামী এপ্রিলে এগুলো আবারও আলোচিত হবে। সেখানেও মনে হয় না এগুলো অনুমোদন পাবে। অনুমোদিত হবে আগামী জুনের বার্ষিক সভায়।’

/আরএম/এফএইচএম/