বাশারের কাছে হাসানুজ্জামান ‘রোল মডেল’

পুরস্কার নিচ্ছেন হাসানুজ্জামানইউল্যাব অধিনায়ক হাসানুজ্জামানকে অপেশাদার ক্রিকেটারদের ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করলেন জাতীয় নির্বাচক হাবিবুল বাশার। আজ  বুধবার ইউল্যাব ফেয়ার প্লে-কাপ ক্রিকেটের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এবার বিপিএলে খুলনা টাইটানসের হয়ে খেলা ইউল্যাব অধিনায়ক হাসানুজ্জামান মোট ১৯৯ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান  ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন। হাসানুজ্জামান সম্পর্কে বাশার বলেছেন,’আমি দেখেছি তার একাগ্রতা। সে কঠোর অনুশীলন করে এবং যা শেখে, তা বাস্তবায়ন করার চেষ্টা করে। অপেশাদার হয়েও যে নিজেকে পেশাদারি কাঠামোতে উপস্থাপন করা যায়, সেই দৃষ্টান্ত উপস্থাপন করেছে হাসানুজ্জামান। তাকে দেখে অন্যরা এগিয়ে আসবে বলে আমি মনে করি।’ 

বাশার তাকে প্রশংসায় ভাসালেও নিজের পারফরম্যান্সে কিন্তু সন্তুষ্ট নন হাসানুজ্জামান, ’দল ভালো খেলেছে, আমি ধন্যবাদ দিতে চাই আমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, যারা আমাদের সারা বছর ক্রিকেট চর্চ্চার সুযোগ করে দেয়। নিজের পারফরম্যান্সে আমি খুশি নই, আরও ভালো করা উচিৎ ছিল আমার। তবে দলের সাফল্যে আমি খুশি।’ 

ফাইনালে হাসানুজ্জামানের কাছে হারা ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধিনায়ক সজিব মেনে নিলেন তার ব্যর্থতা, ‘আমরা আমাদের বোলিংয়ের মানটা ধরে রাখতে পারিনি। এর চেয়ে ভালো বোলিং করতে সক্ষম আমরা। তাছাড়া হাতছাড়া হয়েছে বেশ কয়েকটি ক্যাচ, এখানেই ম্যাচ হেরেছি আমরা। ইউল্যাবের পারফরম্যান্স ছিল আমাদের চেয়ে অনেক ভালো।’

/আরএম/কেআর/