এবার স্পিনারের খোঁজে রবি-বিসিবি

সংবাদ সম্মেলনে উপস্থিত বিসিবি ও রবির কর্মকর্তারাগত বছরের ফাস্ট বোলার হান্ট প্রকল্পের সাফল্যের ধারাবাহিকতায় এ বছর রবি ও বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের সেরা স্পিনার খোঁজার মিশনে নেমেছে। এবার তাদের অভিযানের নাম ‘খোঁজ: দ্য নাম্বার ওয়ান স্পিনার’।

দেশের ১৬ থেকে ২৩ বছর বয়সের যে কোনও ছেলে-মেয়ে নিজেকে স্পিনার হিসেবে প্রমাণ করে আগামীতে উচ্চতর প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবে। 

সম্ভাবনাময় স্পিনার নির্বাচন করতে বলকে ঘোরানোর দক্ষতা, বৈধ বোলিং অ্যাকশন, আধুনিক ও কার্যকর বোলিংশৈলী ইত্যাদিকে মানদন্ড ধরে নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হবে। এছাড়া প্রাথমিকভাবে বাছাইকৃত স্পিনারদের বৈচিত্র্যতা মূল্যায়নের জন্য তাদের দক্ষতা যাচাই করা হবে বিভিন্ন ধরনের উইকেটে। ধরণভিত্তিক (লেফট আর্ম স্পিন, অফ স্পিন ও লেগ স্পিন) বাছাই প্রক্রিয়া বিবেচনায় থাকলেও সবমিলিয়ে সার্বিকভাবে দক্ষ স্পিনারকেই নির্বাচন করা হবে। 

রাজধানীর মিরপুরের হোম অব ক্রিকেটে আজ সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানানো হয়। অনুষ্ঠানে বিসিবির ভাইস প্রেসিডেন্ট ও হাই পাফরম্যান্স কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম, সিইও নিজামউদ্দিন চৌধুরী এবং রবি’র ব্রান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন’র ভাইস প্রেসিডেন্ট খন্দকার আশরাফুল হক এবং কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট রেস্পন্সিবিলিটির ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবির উপস্থিত ছিলেন। 

কাল মঙ্গলবার প্রথম পর্ব শুরু হবে, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ পর্যায়ে দেশের ৬৪টি জেলার জেলা ক্রীড়া সংস্থা তাদের প্রতিটি জেলা স্টেডিয়ামে দিনব্যাপী অংশগ্রহণকারী স্পিনারদের জন্য ট্রায়াল সেশনের আয়োজন করবে। মেধাবী স্পিনারদের বাছাই করতে বিভাগীয় কোচের নেতৃত্বে এবং সহযোগী জেলা কোচের সহযোগিতায় গঠিত একটি টেকনিক্যাল টিম নিয়োজিত থাকবে। এ পর্বে প্রতিটি জেলায় ছেলে ও মেয়ে মিলিয়ে সর্বোচ্চ ২৫ জন স্পিনার নির্বাচন করা হবে।

প্রথম পর্ব থেকে বাছাইকৃত স্পিনাররা ৩ থেকে ১৭ মার্চ অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্বে ১০টি বিভাগীয় অথবা সমপর্যায়ের ভেন্যুতে অংশগ্রহণ করবে। এ পর্যায়ে বিসিবি’র সেন্ট্রাল টেকনিক্যাল টিম স্পিনার বাছাই প্রক্রিয়ায় নিয়োজিত থাকবে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে রবি। এই পর্ব থেকে মোট ৬০ জন স্পিনার বছাই করা হবে যারা তৃতীয় পর্বে অংশগ্রহণ করবে। 

২০ থেকে ২৭ মার্চ অনুষ্ঠিতব্য তৃতীয় পর্বটি হবে আবাসিক। পুরো পর্বটি জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হবে। বিসিবি’র সেন্ট্রাল টেকনিকাল টিম ট্যালেন্ট বাছাইয়ের এই পর্বটি পরিচালনা করবে। দ্বিতীয় পর্ব থেকে বাছাইকৃত ৬০ জন স্পিনারের শারিরীক সামর্থ্য যাচাই এবং ভিডিও চিত্রের মাধ্যমে তাদের বোলিং পর্যবেক্ষণ করা হবে। পর্বটি শেষে ১০ জন ছেলে-মেয়েকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।

/আরএম/এফএইচএম/