বাংলাদেশের অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের ছোট ছেলে মাহদী ইসলাম ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া রাজ্যের অনূর্ধ্ব-১৩ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। তার নেতৃত্বে অস্ট্রেলিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ খেলবে দলটি।
অস্ট্রেলিয়ান এ প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক স্টিভেন স্মিথ, অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটার।
আমিনুল ইসলাম বুলবুল নিজেই তার ফেসবুক প্রোফাইলে ছেলের নতুন এই খবর জানিয়েছেন। ফেসবুকে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আগামী জুলাইতে কুইন্সল্যান্ডের ম্যাকেয় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ান জুনিয়র ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। ওই চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার প্রতিটি রাজ্যই অংশ নিচ্ছে। আমার ছোট ছেলে মাহদি ইসলাম ভিক্টোরিয়া দলের (অনূর্ধ্ব-১৩) অধিনায়ক নির্বাচিত হয়েছে। তাদের প্রতি আমাদের সবার শুভকামনা।’
ক্রিকেটটা যে মাহদী ভালোভাবেই আঁকড়ে ধরেছে সেটা বোঝা যাচ্ছে ভিক্টোরিয়া রাজ্য তার উপর আস্থা রাখায়। বাংলাদেশের ক্রিকেট যে দিন দিন উন্নতির শিখরে পৌঁছাচ্ছে, এটাও তার একটি বড় উদাহরণ হতে পারে।
কুইন্সল্যান্ডের ম্যাকায়ে হতে যাওয়া অস্ট্রেলিয়ার জুনিয়র ইনডোর ক্রিকেট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তারই অধীনে খেলবে ভিক্টোরিয়া। আগামী ১ জুলাই শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবে অস্ট্রেলিয়ার উদীয়মান ৭০০ ক্রিকেটার। টুর্নামেন্টটি চলবে ১৫ জুলাই পর্যন্ত। মোট ৭৫টি দল এখানে অংশ নেবে। সবমিলিয়ে ১১টি বিভাগে হবে এবারের এই আসরটি।
/আরআই/এফএইচএম/