২২৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন জো রুট। এর আগে অবশ্য টস জিতে ব্যাট করে ২২৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।
জবাবে খেলতে নেমে ওপেনার জেসন রয়ের হাফসেঞ্চুরিতে ভর করেই এগিয়ে যেতে থাকে ইংল্যান্ড। যদিও এক সময় ২১ ওভারে তাদের স্কোর ছিল ১০৮ রানে দুই উইকেট। এরপরেই খানিকটা চিত্র পাল্টে স্বাগতিকদের ম্যাচে ফেরার রসদ যোগান দেন ওয়েস্ট ইন্ডিজ স্পিনাররা। ১৬ রানেই পড়ে যায় ৪ উইকেট। অ্যাশলে নার্স ক্যারিয়ার সেরা ফিগারে ৩৪ রানে নেন ৩ উইকেট। বিশু নেন ৪৩ রানে দুই উইকেট। যদিও সপ্তম উইকেটে ১০২ রানের জুটি গড়েন জো রুট ও ক্রিস ওকস। এই দু'জনের জুটিতেই ৪৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে সফরকারীরা।
ওকস অপরাজিত ছিলেন ৬৮ রানে। তার ৮৩ বলের ইনিংসে ছিল ৫টি চার ও দুটি ছয়। আর রুটের ১২৭ বলের ইনিংসে ছিল ৩টি চার।
এর আগে অবশ্য ক্যারিবীয়দের ইনিংসে সর্বোচ্চ ৫০ রানই আসে জেসন মোহাম্মদের ব্যাট থেকে। ৪২ রান করেন ওপেনার ব্রাথওয়েট। ইংলিশদের পক্ষে ৩টি উইকেট নেন প্লাঙ্কেট। দুটি করে নেন রশিদ ও ফিন। ম্যাচ সেরা হন জো রুট।
/এফআইআর/