কনওয়ের সঙ্গে চুক্তি বাতিল, নতুন ফিজিও চন্দ্রমোহন

নতুন ফিজিও চন্দ্রমোহন দেনা-পাওনার ইস্যু তৈরি করে শ্রীলঙ্কা সফরে যাননি বাংলাদেশের ফিজিও ডিন কনওয়ে। এমন আচরণে তার ওপর ক্ষুব্ধই হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সৃষ্ট জটিলতার অবসান না হওয়ায় তার সঙ্গে চুক্তি বাতিল করে নতুন ফিজিও হিসেবে থিহান চন্দ্রমোহনকে নিয়োগ দিয়েছে বিসিবি। সোমবার এক ইমেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩৭ বছর বয়সী অস্ট্রেলীয় ফিজিও চন্দ্রমোহনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি শ্রীলঙ্কা সফরে অন্তর্বর্তী হিসেবেই দায়িত্ব পালন করবেন। কালকেই শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে প্রথম টেস্ট। তিনি আজকেই দলের সঙ্গে যোগ দিয়েছেন।

৩৭ বছর বয়সী এই ফিজিও কাউন্টি দল হ্যাম্পশায়ারসহ অস্ট্রেলিয়াতে বিভিন্ন ক্লাবেও ফিজিও হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে ২০১৬ সালে দায়িত্ব পাওয়া ডিন কনওয়ের সঙ্গে চুক্তি না রাখার বিষয়টিও জানিয়ে দিয়েছে বিসিবি।

এর আগে বেশ কয়েক দিন ধরেই আলোচনায় ছিল ডিন কনওয়ে ও বিসিবির মধ্যকার উত্তপ্ত পরিস্থিতির খবর। তার শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের সঙ্গে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মুখ ফিরিয়ে নেন সফর থেকে। তার জন্য বিমানের টিকিটও কাটা হয়েছিল। কিন্তু দলের সঙ্গে সফর না করায় তার জায়গায় ফিজিও হিসেবে যান খাদেমুল ইসলাম শাওন।

/এফআইআর/