১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই টেস্টকে স্মরণীয় করে রাখতে পরিকল্পনা করছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। শনিবার বোর্ড প্রধান থিলাঙ্গা সামাথিপালা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শততম ম্যাচ খেলা দুই দলের খেলোয়াড়দের দেওয়া হবে ‘বিশেষ’ পদক।
এ দিন গল আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কান বোর্ড প্রধান সামাথিপালা বলেছেন, ‘বাংলাদেশ আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ। তারা আমাদের দেশে শততম টেস্ট খেলবে। এমন একটি ম্যাচ আয়োজন করতে পেরে আমরা ভীষণ আনন্দিত।’
আগামী বুধবার এই ম্যাচ দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল থাকবে। ম্যাচ শুরু হওয়ার আগে দুই দেশের বোর্ড প্রধানের উপস্থিতিতে ছোট একটি অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান সামাথিপালা। সেখানেই দুই দলের খেলোয়াড়দের মেডেল দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি, ‘দুই দলকে মেডেল দেওয়া হবে ম্যাচ শুরুর আগেই। ম্যাচ উদযাপন করতে দলের জন্য একটি ডিনারের ব্যবস্থা থাকবে।’
এদিকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ছাড়া ম্যাচটি ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে প্রত্যেক খেলোয়াড়কে সে দিন দেওয়া হবে বিশেষ ক্যাপ ও স্মারক ক্রেস্ট।
১৯৯৭-১৯৯৮ সালে শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি ছিলেন সামাথিপালা। সে সময় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধানও ছিলেন তিনি। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তিতে তার অবদান রয়েছে। ২০ বছর ধরে টাইগারদের কাছ থেকে দেখার অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন তিনি এই বলে, ‘বাংলাদেশ ক্রিকেটে অনেক উন্নতি করেছে। এক সময় সেখানে ফুটবল খুব জনপ্রিয় ছিল। ফুটলের এখন ভাটা পড়েছে ক্রিকেটের উন্নতিতে। আশা করি তারা আরও উন্নতি করবে।’
/আরআই/কেআর/