শততম টেস্টের জন্য প্রস্তুত পি সারা ওভাল


পি সারা ওভালবাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় বাংলাদেশ তাদের শততম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। মঙ্গলবার বিকাল থেকেই ম্যাচটি নিয়ে শঙ্কা ছিল। সেই শঙ্কা ভোর হতেই কেটে গেছে। সারা রাত বৃষ্টির কারণে পি সারা ওভাল কভার দিয়ে ঢাকা থাকলেও সকাল হতেই মাঠ প্রস্তুতির কাজ শেষ হয়েছে। কলম্বোর আকাশে ঝকঝকে রোদ। মাঠের বিভিন্ন জায়গায় কিছুটা ভেজা ভেজা ভাব থাকলেও নির্ধারিত সময়েই সব শুকানো সম্ভব হবে বলে জানিয়েছেন পি সারা ওভালের গ্রাউন্ডসকর্মীরা।
ইতোমধ্যেই দুই দলের খেলোয়াড়রা মাঠে উপস্থিত হয়েছে। হালকা ওয়ার্মআপ শেষ করেছে দুই দল।

শততম ম্যাচটিকে ঘিরে দুই বোর্ড বিশেষ আয়োজন করেছে। ম্যাচ শুরু হওয়ার এক ঘণ্টা আগে দুই দলের খেলোয়াড়দের মেডেল প্রদান করবে লঙ্কান ক্রিকেট বোর্ড। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেটারদের হাতে ব্লেজার তুলে দেবে শততম টেস্টের।

 ১৬ বছর আগে ২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় বাংলাদেশের। এরপর একটু একটু করে এগিয়ে এবার শততম টেস্ট খেলার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। এই মুহূর্তে শততম টেস্ট খেলার দ্বাড়প্রান্তে তারা।

ঐতিহাসিক এ ম্যাচে মুশফিকদের সামনে গল টেস্টের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। ম্যাচটি স্মরণীয় করে রাখতে দৃঢ় প্রত্যয়ী মুশফিক-সাকিব-তামিমরা।

তবে পি সার ওভালে বাংলাদেশের পরিসংখ্যান খুব সমৃদ্ধ নয়। তিনটি টেস্টের সবগুলোতে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। যদিও পরিসংখ্যানকে বদলাতে বদ্ধপরিকর মুশফিক। জেতার জন্য সেরা একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ-ঠিক এমনটাই জানিয়েছেন দলের নেতা মুশফিক।

একাদশে বেশকিছু পরিবর্তন হতে পারে। টেস্ট ক্রিকেটার ট্যাগ বসে যাওয়া মুমিনুলকে বসে থাকতে হবে শততম এই ম্যাচে। মুমিনুলেরজায়গাতে সম্ভবত দেখা যাবে ইমরুল কায়েসকে। এদিকে লিটন ইনজুরির কারণে বাদ পড়ায় গ্লাভস হাতে খেলবেন মুশফিক। লিটনেরজায়গায় সাব্বিরের খেলার সম্ভাবনা রয়েছে। এদিকে মাহমুদউল্লাহর জায়গায় দেখা যেতে পারে মোসাদ্দেককে। দুইজন পেসার খেললে শুভাগতকে বসিয়ে খেলানো হতে পারে তাইজুল ইসলামকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন।

/আরআই/এফআইআর/