দক্ষিণ আফ্রিকাকে বাঁচালেন ডি কক-বাভুমা

হাফসেঞ্চুরির পর ডি কককে অভিনন্দন জানালেন বাভুমাপ্রথম ইনিংসে ১০১ রানে ৫ উইকেট হারানোর পর নিউজিল্যান্ডকে বাঁচান হেনরি নিকলস। দক্ষিণ আফ্রিকার অবস্থা হয়েছিল আরও খারাপ। প্রথম ইনিংসে মাত্র ৯৪ রানে ৬ উইকেট হারায় তারা। কিন্তু দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা নয়, হতাশায় ডুবেছে নিউজিল্যান্ড।

১২ রানে ২ উইকেট হারিয়ে বিপদের আভাস পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দিন সকালে সেই আশঙ্কা সত্যি হয়। দলের ২৬, ৫৯, ৭৯ ও ৯৪ রানে আরও চারজন ব্যাটসম্যান সাজঘরে ফিরে যান। নিউজিল্যান্ডের খেলোয়াড়দের মধ্যে ফিরে আসে স্বস্তি।

তবে সেই স্বস্তিকে অস্বস্তিতে রূপ দেন তেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। সপ্তম উইকেটে তারা ১৬০ রানের জুটি গড়েন। তাদের এ জুটি যখন ভাঙে তখন দক্ষিণ আফ্রিকা স্বাগতিকদের চেয়ে মাত্র ১৪ রান পিছিয়ে। ডি কক (৯১) ও বাভুমা (৮৯) অল্প কয়েকটি রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হয়েছেন। কিন্তু ভারনন ফিল্যান্ডার ও মরনে মরকেলের ৪৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৮১ রানের লিড নিয়েছে প্রোটিয়ারা।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৬৮ রানের জবাবে ৯ উইকেটে ৩৪৯ রানে শুক্রবারের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। শেষ জুটিতে ফিল্যান্ডার ৩৬ ও মরকেল ৩১ রানে অপরাজিত খেলছেন।

দ্বিতীয় দিন শেষে কলিন ডি গ্রান্ডহোম ও নেইল ওয়াগনার নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন। দুটি পেয়েছেন টিম সাউদি। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/