আইপিএল খেলতে পারবেন না অশ্বিন!

অশ্বিনচোটের কারণে সামনের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিস করতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। কুঁচকির চোটে তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে ছয় থেকে আট সপ্তাহ।

তাতে ২০১৭ সালের আইপিএলের পুরোটা সময় মাঠের বাইরে কাটাতে হতে পারে অশ্বিনের। যদিও জুনের চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের জার্সি গায়ে তাকে পাওয়া যাবে বলে খবর ‘ক্রিকইনফো’র। সামনের আইপিএলে অশ্বিন খেলবেন রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে। কুড়ি ওভারের টুর্নামেন্টে নামার আগেই চোটের দুঃসংবাদটি পেয়েছেন এই স্পিনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ধর্মশালা টেস্টের পর মুম্বাইয়ে স্ক্যান করিয়েছেন অশ্বিন, ওই পরীক্ষাতেই জানা গেছে কুঁচকির নরম টেস্যু ক্ষতিগ্রস্থ হয়েছে তার। এই ধরনের চোট কাটিয়ে উঠতে সময় লাগে ছয় থেকে আট সপ্তাহ। তাই আনুষ্ঠানিক কোনও ঘোষণা না এলেও অশ্বিনের আইপিএল খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

টানা খেলার ধকলেই চোটে পড়ছেন ভারতীয় এই স্পিনার। ঘরোয়া মৌসুমে এবার ভারত খেলেছে ১৩ টেস্ট। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লম্বা এই মৌসুমে অশ্বিন বোলিং করেছেন ৭৩৮.২ ওভার; যা নির্দিষ্ট কোনও মৌসুমে একজন বোলারের সর্বোচ্চ বোলিংয়ের রেকর্ড। রেকর্ড গড়েছেন তিনি ৮২ উইকেট শিকার করেও। একই সঙ্গে স্পিন পার্টনার রবীন্দ্র জাদেজার সঙ্গে মিলে শিকার করেছেন ১৫৩ উইকেট, যাতে পরিণত হয়েছেন এক মৌসুমে সবচেয়ে সেরা বোলিং জুটিতে।

দারুণ সময় কাটনো সেই অশ্বিনের এখন আইপিএলে খেলাটা পড়ে গেছে শঙ্কার মুখে। নিজে তো বটেই, দুশ্চিন্তায় পড়ে গেছে তার দল পুনে সুপারজায়ান্টও। ক্রিকইনফো

/কেআর/