আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে ১৭৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৩৮.৫ ওভারে ২ উইকেটে ১৮০ রান করে শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ দল।
গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনাল খেলতে নামা বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নামে। শুরুতে বড় ধরনের ধাক্কা খায় স্বাগতিকরা। আসিথা ফার্নান্দোর হ্যাটট্রিকে টালমাটাল হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দলের সপ্তম ওভারে প্রথম তিন বলে পরপর আফিফ হোসেন, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত আউট হন।
২০ রানে তিন উইকেট হারিয়ে নড়বড়ে বাংলাদেশ আর দাঁড়াতে পারেনি। ১২০ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত মোহাম্মদ সাইফউদ্দিন ও আবুল হাসানের ৫৬ রানের জুটিতে দেড়শ পার করে বাংলাদেশ।
ইনিংস সেরা ৩৭ রান করেন সাইফউদ্দিন। ২৩ রানে রিটায়ার্ড হার্ট হন আবুল। নাসির হোসেন করেন দ্বিতীয় সেরা ৩৮ রান।
ফার্নান্দো ১০ ওভারে ৩৩ রান দিয়ে নেন সর্বোচ্চ ৪ উইকেট।
লঙ্কানদের কম রানের লক্ষ্য দেওয়ার পর ১৫ রানে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচে উত্তেজনা ফেরায় বাংলাদেশ। কিন্তু সেই বিপদ আর ঘনীভূত হতে দেয়নি সফরকারীরা। সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালানকা অবিচ্ছিন্ন ১৬৫ রানের জুটি গড়ে দলকে জেতান।
আগামী ৩ এপ্রিল শ্রীলঙ্কা ফাইনালে খেলবে পাকিস্তানের বিপক্ষে। একই দিন এমএ আজিজ স্টেডিয়ামে আফগানিস্তান ইমার্জিং টিমকে ১২৩ রানে হারিয়েছে পাকিস্তান। সূত্র- ক্রিকইনফো
/এফএইচএম/