অবশ্য ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হেরে যাওয়ার ব্যর্থতা ভুলে যেতে চায় সফরকারীরা। গত শনিবার শ্রীলঙ্কাকে প্রথম কোনও সিরিজে হারানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু তৃতীয় ওয়ানডে হেরে যাওয়ায় ‘ইতিহাস’ গড়তে পারেনি। মাশরাফিরা অবশ্য এই ব্যর্থতা নিয়ে মাথা ঘামাতে রাজি নন। টাইগারদের ভাবনায় এখন শুধুই সামনের দুই ম্যাচ। এ প্রসঙ্গে বাংলাদেশের সাবেক অধিনায়ক ও টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন গতকাল বলেছেন, ‘আমাদের সামনে এখন দুটি টি-টোয়েন্টি। ওখানেই পুরো দলের মূল লক্ষ্য। যদিও এই ফরম্যাটে আমরা এখনও তেমন পারদর্শী নই। অন্যদিকে শ্রীলঙ্কা অনেক শক্তিশালী এই সংস্করণে। তারপরও আমি মনে করি ভালোই প্রতিদ্বন্দ্বিতা হবে। পরিকল্পনাগুলো ঠিকঠাক মাঠে প্রয়োগ করতে পারলে আমার মনে হয় অসম্ভব কিছু ঘটবে।’
বাংলাদেশের জন্য ইতিবাচক দিক অভিজ্ঞতা। অভিজ্ঞতায় শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশকে এগিয়ে রেখেছিলেন সুজন। তার মতে, টি-টোয়েন্টি সংস্করণে কেউই ভালো দল নয়। নির্দিষ্ট সময়ে যারা ভালো খেলবে, তাদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল। এ বিষয়ে বাংলাদেশ দলের ম্যানেজারের অভিমত, ‘অভিজ্ঞতার দিক থেকে আমরা এগিয়ে। অবশ্য শ্রীলঙ্কাও ভালো করছে। জিততে হলে অবশ্যই আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। টি-টোয়েন্টিতে ভুল হয়ে গেলে শোধরানোর সুযোগ খুব কম পাওয়া যায়।’
টি-টোয়েন্টি স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, সানজামুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান।
/আরআই/এফআইআর/