মাশরাফির জন্য খেলবেন মোসাদ্দেকরা

256691.3শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচটিই হতে যাচ্ছে মাশরাফির টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচ। ওয়ানডে খেললেও আর কোনও দিন টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবেন না। মঙ্গলবার ম্যাচ শুরুর আগে এমনই ঘোষণাই আসে মাশরাফির কাছ থেকে।

তাই মাশরাফির ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচে তাকে জয় উপহার দিতে চান সতীর্থরা। দলের তরুণ খেলোয়াড় মোসাদ্দেক হোসেন সৈকত বুধবার সংবাদ মাধ্যমকে এমন কথাই জানালেন, ‘কালকে জয়ের বিকল্প কিছু নেই। আমার মনে হয় দলের সবাই কালকে মাশরাফি ভাইয়ের জন্য খেলবে। আমি ব্যক্তিগত ভাবে বলতে পারি দ্বিতীয় টি-টোয়েন্টি খেলবো শুধু মাশরাফি ভাইয়ের জন্য। আমরা সবাই চাইবো ওই ম্যাচ জিতে তাকে বিদায়ী উপহার দিতে।’

তরুণ খেলোয়াড় সবাই মাশরাফির দারুণ ভক্ত। যে কোনও সমস্যায় মাশরাফির দরজা খোলা থাকে এই তরুণদের জন্য। তাদেরই একজন প্রতিনিধি তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। যখনই নানা সমস্যা পড়েছেন, ছুটে গিয়েছেন মাশরাফির কাছে। তাইতো হুট করে এমন একজন বড় ভাইকে হারানোটা মেনে নিতে পারেননি মোসাদ্দেক, ‘ওই সময়ে আমি অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। উনি আমাকে বলছিলেন, তুই খুব ভালো ছন্দে আছিস। পরের প্রজন্মের মধ্যে তুই, মিরাজ, মুস্তাফিজ আছিস।’

এভাবেই মাশরাফির কথাতে অনুপ্রেরণা নিচ্ছেন তরুণ এই ক্রিকেটার। খানিকটা আবেগ জড়িত কণ্ঠে মোসাদ্দেক বলেছেন, ‘তিনি বলেছেন-নিজেকে এমনভাবে প্রস্তুত কর যেন পরবর্তী অধিনায়ক হতে পারিস। এটা শোনার পর থেকে আমার মধ্যে অন্যরকম একটা ব্যাপার কাজ করছে। হয়তো এখন থেকে নিজেকে সেভাবেই প্রস্তত করব।’

 /আরআই/এফআইআর/