মুস্তাফিজের আইপিএল শুরু

মুস্তাফিজতার জন্য অধীর অপেক্ষায় ছিল সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেই তাই মুস্তাফিজুর রহমানের মাঠে নামাটা একরকম নিশ্চিত ছিল। হলোও তাই, আইপিএলের এবারের আসরে নিজের প্রথম ম্যাচে মাঠে নামছেন মুস্তাফিজ।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে সাকিব আল হাসান আইপিএল খেলতে চলে গেলেও মুস্তাফিজ ফিরে এসেছিলেন দেশে। তার দল হায়দরাবাদের দুটো ম্যাচে খেলা হয়নি তাই তার। যদিও মঙ্গলবার আইপিএল খেলার উদ্দেশে ভারতে উড়াল দেন বাংলাদেশি পেসার। গতকালই পৌঁছে আজ (বুধবার) মাঠের লড়াইয়ে নেমে পড়লেন মুস্তাফিজ।

প্রথম দুই ম্যাচের দুটোই হায়দরাবাদ জেতায় মুস্তাফিজ কার জায়গায় খেলবেন, সেটা নিয়ে খানিকটা সংশয় ছিলই। বিশেষ করে বিদেশি ক্যাটাগরিতে খেলা চার খেলোয়াড়ই নিজেদের সেরাটা দিয়ে লড়েছেন। আইপিএলে অভিষিক্ত আফগান স্পিনার রশিদ খান এবং অস্ট্রেলিয়ান দুই অলরাউন্ডার ময়েসেস হেনরিকস ও বেন কাটিং, প্রত্যেকেই ছড়িয়েছেন আলো। শেষ পর্যন্ত হেনরিকসকে বসিয়ে হায়দরাবাদের টিম ম্যানেজমেন্ট একাদশে জায়গা করে দিয়েছে মুস্তাফিজকে।

অধিনায়ক ডেভিড ওয়ার্নার আগেই জানিয়ে রেখেছিলেন, মুস্তাফিজ স্কোয়াডে যোগ দিলে আরও শক্তিশালী হয়ে উঠবে তার দল। তা ছাড়া বাংলাদেশি এই পেসারের গুরুত্ব কতটা, সেটা গত আসরের আইপিএলেই প্রমাণ পাওয়া গেছে। দুর্দান্ত বোলিংয়ে শিরোপা জয়ের পথে মুস্তাফিজ রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার গতবারের পারফরম্যান্সকেও ছাড়িয়ে যাওয়ার কথা বলে গেছেন তিনি দেশ ছাড়ার আগে। ক্রিকইনফো

/কেআর/