নাসিরের সেঞ্চুরিতে মোহামেডানকে হারাল গাজী গ্রুপ

নাসিরের সেঞ্চুরি উদযাপনআরেকবার ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখালেন নাসির হোসেন। তার অধিনায়কোচিত সেঞ্চুরিতে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বৃহস্পতিবার মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন মৌসুম শুরু করেছে তারা।

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ফিল্ডিং নেয় গাজী গ্রুপ। সিদ্ধান্তটা তাদের অনুকূলে যায়। ৭৮ রানে ৪ উইকেট হারায় মোহামেডান। এর পর রহমত শাহ ও মেহেদী হাসান মিরাজের শতাধিক রানের জুটিতে ধকল সামলায় রাকিবুল হাসানের দল।

পঞ্চম উইকেটে মোহামেডানের ১১৮ রানের জুটি গড়ার সঙ্গে দুই ব্যাটসম্যান করেন ফিফটি। রহমত ইনিংস সেরা ৭৮ রানে রান আউট হন। আর মিরাজকে ৫২ রানে ফেরান আলাউদ্দিন বাবু। এ দুজন সাজঘরে ফিরলে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় মোহামেডান। ৫০ ওভারে ৮ উইকেটে ২২০ রান করে তারা।

গাজী গ্রুপের পক্ষে মেহেদি ও আলাউদ্দিন ২টি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ২৫ রানে ২ উইকেট হারায় গাজী গ্রুপ। জহুরুল ইসলাম (১) ও মুমিনুল হক (২) দ্রুত মাঠ ছাড়লে নাসির ও এনামুল হক বিজয় হাল ধরেন। অবশ্য ৭৯ রানে এনামুলকে থামতে হয়। ব্যক্তিগত ৫৪ রানে তিনি আউট হন।

এর পর অধিনায়কের সঙ্গে পারভেজ রাসুলের অপরাজিত ১৪৪ রানের জুটিতে ৩৭ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় পায় গাজী গ্রুপ। ম্যাচসেরা নাসির ১০৬ বলে ৯ চার ও ৫ ছয়ে ১০৬ রানে অপরাজিত ছিলেন। আর ৫৩ রানে খেলছিলেন পারভেজ।

এর আগে ইমার্জিং টিম কাপে নেপালের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে জেতাতে ১০৯ রান করেছিলেন নাসির।

/এফএইচএম/