পাঞ্জাবের বিপক্ষেও সাকিবকে রাখেনি কলকাতা

3138ee878a1c234192bb3baa78ce0bbb-58ea447169e74শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই ভারতের বিমান ধরেছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের ভক্তদের কাছে আইপিএলকে জনপ্রিয় করে তোলা এ অলরাউন্ডারকে শুরু থেকে দেখার প্রত্যাশা ছিল। কিন্তু এক ম্যাচ, দুই ম্যাচ করে সেই অপেক্ষার পালা শেষ হয়নি তৃতীয় ম্যাচেও। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা হয়নি সাকিবের।

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে পাঞ্জাবকে স্বাগত জানাচ্ছে কলকাতা। স্বাভাবিকভাবে এ ম্যাচেও বাংলাদেশের দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সাকিব একাদশে থাকেন কি না। তবে আগের দুইবারের মতো বৃহস্পতিবারও হতাশই হতে হয়েছে,  সাকিবকে ছাড়া একাদশ ঘোষণা করেছে গৌতম গম্ভীরের দল।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দেশে ফেরেননি সাকিব। ওখান থেকেই বাংলাদেশি অলরাউন্ডার ধরেন ভারতগামী বিমান। ভ্রমণ ক্লান্তির কারণে গুজরাট লায়ন্সের বিপক্ষে কলকাতার প্রথম ম্যাচে ছিলেন না তিনি। শ্রীলঙ্কা থেকে উড়ে যাওয়ায় ওই ম্যাচে তার না খেলাটা স্বাভাবিক ছিল। এর পর থেকেই বাংলাদেশি ক্রিকেট ভক্তদের অপেক্ষা কলকাতার পরের ম্যাচের জন্য। যদিও সেখানেও হতে হলো হতাশ। গত কয়েক আইপিএলে দলটির গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হওয়া সাকিব ছিলেন না মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচটিতেও। টানা তৃতীয় ম্যাচে বাঁহাতি অলরাউন্ডারকে ছাড়া নেমেছে কলকাতা।

সাকিবকে কলকাতার জার্সিতে দেখার জন্য পরবর্তী অপেক্ষা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। ওইদিন ‘সাকিব বনাম মুস্তাফিজুর রহমান’ লড়াইটা হয়ে যেতে পারে। কারণ চতুর্থ ম্যাচে কলকাতার প্রতিপক্ষ মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ।  

গুজরাটের বিপক্ষে ১০ উইকেটে জয়ে শুরু করেছে কলকাতা। তবে মুম্বাইয়ের কাছে পরের ম্যাচে ৪ উইকেটে হারে তারা। অন্যদিকে পাঞ্জাব টানা দুটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে। 

ক্রিকইনফো