মুশফিক-নাঈমের সেঞ্চুরিতে রূপগঞ্জের জয়

ম্যাচসেরা পারফর‌ম্যান্স করেছেন মুশফিকবাজে শুরু, দারুণ শেষ। মাত্র ১৩ রানে নেই ২ উইকেট। সেখান থেকে দলকে টেনে তুললেন অধিনায়ক মুশফিকুর রহিম। যোগ্য সঙ্গ দিলেন নাঈম ইসলাম। শেখ জামালের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জের ৬৮ রানের জয়ের নায়কও তারা।

সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মুখোমুখি হয়েছিল রূপগঞ্জ ও শেখ জামাল। টস জিতে ব্যাট করতে নেমে বিপদের মুখোমুখি হয় রূপগঞ্জ। শাহাদাত হোসেন নিজের প্রথম দুই ওভারে হাসানুজ্জামান (০) ও আবু সায়েমকে (৫) সাজঘরে পাঠান।

ওখানেই রূপগঞ্জের বিপদের শেষ। মুশফিক ও নাঈমের সেঞ্চুরিতে দলটি করে ৫ উইকেটে ৩০৫ রান।

ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৭৫ রান করা রূপগঞ্জ অধিনায়ক ১৩৪ রান করেছেন সমান বল খেলে। মুশফিকের দুর্দান্ত ইনিংস সাজানো ১৪টি চার ও একটি ছয়ে। নাঈমের সঙ্গে ২২৫ রানের জুটি গড়ার পর আবদুর রাজ্জাকের স্পিনে মাঠ ছাড়েন টেস্ট অধিনায়ক।

ম্যাচের সেরা মুশফিকের দলেই খেলছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা। রাজ্জাকের দ্বিতীয় শিকার হওয়ার আগে ১১ বলে দুটি ছয়ে ১৭ রান করেন তিনি।

নাঈম ইসলামের সেঞ্চুরি উদযাপননাঈমের ১০৩ রানের ইনিংস ছিল ১১৮ বলের, যেখানে ৭টি চার ও একটি ছয়ের মার ছিল। বল হাতেও তিনি নেন ২টি উইকেট। জামালের পক্ষে দুটি করে উইকেট নেন শাহাদাত ও রাজ্জাক।

তিনশ’র উপরে লক্ষ্যে নেমে জামালের ব্যাটসম্যানদের ছোটখাটো অবদান উপকারে আসেনি। ইনিংস সেরা ৪২ রান করেন জিয়াউর রহমান। ত্রিশের উপর আর আছে দুটি ইনিংস- মাহবুবুল করিম (৩৬) ও ফজলে মাহমুদের (৩৩)।

মূলত রূপগঞ্জের বোলাররা মুশফিক-নাঈমের সেঞ্চুরিকে বৃথা হতে দেননি। নাঈমের সমান ২টি করে উইকেট নেন মোহাম্মদ শরীফ, মোশাররফ হোসেন ও আসিফ হাসান।

আগের ম্যাচে ব্রাদার্সকে ৪ উইকেটে হারিয়েছিল রূপগঞ্জ। দুই ম্যাচে তাদের অর্জন ৪ পয়েন্ট।

/এফএইচএম/