লিস্ট ‘এ’ ক্রিকেটে তামিমের আগের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল ১৫৪। মঙ্গলবার আক্রমণাত্মক ব্যাটিং করা তামিম নিজের আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেলেন। শেষ পর্যন্ত সঞ্জিত সাহার বলে আউট হওয়ার আগে ১৫৭ রান করেন তিনি।
এদিন বিকেএসপির চার নম্বর মাঠে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি পূরণ করেন তামিম ইকবাল। অবশ্য তামিমের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে আগে থেকেই বেশ সমৃদ্ধ। এখন পর্যন্ত ২০৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে দশ হাজারের বেশি রান করা তামিম।
মঙ্গলবার শামসুরকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতেই ৭৩ রান করেন তিনি । এরপর অন্যপ্রান্তগুলো ব্যাটসম্যানরা আগলে রাখার চেষ্টায় থাকেন। তামিম অবশ্য স্কোরবোর্ডে রান বাড়ানোর দিকেই মনোযোগী ছিলেন। রকিবুল যেখানে ২২ বলে ৭ রান করেছেন, তামিম সেখানে হাতখুলে মেরেছেন। তামিম অবশ্য ভয়ঙ্কর হয়ে উঠেন সেঞ্চুরি পাওয়ার পরেই।
ওপেনার তামিম ইকবাল ৬১ বলে ৫০ রান তোলেন। পরের পঞ্চাশ করতে খেলেন মাত্র ৪১ বল! তৃতীয় পঞ্চাশ রানে আরও কম বল খেলেন তিনি। মাত্র ২১ বল লাগে তামিমের তৃতীয় পঞ্চাশ তুলে নিতে। সবমিলিয়ে ১২৫ বলে ১৮ চার ও সাত ছক্কায় তামিম তার ১৫৭ রানের ইনিংসটি সাজিয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ১২ জুন সুপার লিগের প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিল আবাহনী ও প্রাইম দোলেশ্বর। বৃষ্টির কারণে ৪৫ ওভারে কমে আসা ম্যাচে আবাহনীর ছুড়ে দেওয়া ১৯২ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল দোলেশ্বর। ১৭ ওভার শেষে দোলেশ্বরের স্কোর ছিল দুই উইকেটে ৫৯ রান। ঠিক ওই সময় ম্যাচের দুই আম্পায়ারের সঙ্গে অশোভন ব্যবহার করেন তামিম। যেই কারণে দুই আম্পায়ার খেলা চালিয়ে যেতে অস্বীকৃতি জানান। এরপর ম্যাচ রেফারি মন্টু দত্তের রিপোর্টের ওপর ভিত্তি করে তামিমকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
/আরআই/এফআইআর/