বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মিরাজ-মোসাদ্দেক-রাব্বি

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মিরাজ-মোসাদ্দেককেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ ক্রিকেটারকে নিয়ে এই তালিকা প্রকাশ করে বিসিবি। এই তালিকায় নতুন মুখ হিসেবে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি।
আগের বছর ১৫ জন চুক্তিতে থাকলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। আগের চুক্তি থেকে বাদ পড়া ক্রিকেটার হচ্ছেন নাসির হোসেন, আল আমিন হোসেন ও আরাফাত সানি।
বিসিবি শুধু তালিকাই প্রকাশ করে নি, ক্যাটাগরিও নির্ধারণ করে দিয়েছে। ক্যাটাগরির ভিত্তিতে কোন খেলোয়াড় কত পারিশ্রমিক পাবেন, সেটাও নির্ধারণ করে দিয়েছে বোর্ড।
চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পাঁচটি গ্রেডে ভাগ করে পারিশ্রমিক দেবে বিসিবি। ‘এ প্লাস’ গ্রেডের ক্রিকেটারদের মাসিক বেতন আগে ছিল আড়াই লাখ টাকা। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ টাকায়। এই ক্যাটাগরিতে খেলোয়াড় রয়েছেন চারজন। এরা হলেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। এছাড়া টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালনের জন্য বাড়তি ২০ হাজার টাকা করে পাবেন মুশফিক, মাশরাফি ও সাকিব। টেস্ট দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করা তামিম পাবেন বাড়তি ১০ হাজার টাকা।
‘এ’ গ্রেডে থাকা ক্রিকেটারদের বেতন ২ লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখে। এই ক্যাটাগরিতে মাত্র একজন খেলোয়াড় রয়েছেন। তিনি হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
'বি' ক্যাটাগরিতে চারজন ক্রিকেটারকে রেখেছে বিসিবি। এরা হচ্ছেন ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান ও সৌম্য সরকার। গতবারের চেয়ে এই ক্যাটাগরিতে বেতন বেড়েছে ৫০ হাজার টাকা। বর্তমানে তাদের বেতন দুই লাখ টাকা।  ‘সি’ ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন। তারা দেড় লাখ টাকা করে বেতন পাবেন। অন্যদিকে ডি ক্যাটাগরিতে থাকা কামরুল ইসলাম, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বেতন পাবেন এক লাখ টাকা করে।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৬ ক্রিকেটার: সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিক রহিম, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, মুমিনুল হক, সৌম্য সরকার, সাব্বির রহমান, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত।
/আরআই/এফআইআর/