ইয়াসিরের ঘূর্ণিতে বিপর্যস্ত উইন্ডিজ

শেষ সেশনে ইয়াসির ৫ উইকেট নেনকেনিংসটন ওভালে খুব খারাপ একটা দিন গেল ওয়েস্ট ইন্ডিজের। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন চোখের পলকে তারা মুখোমুখি হলো বিপর্যয়ের। শাই হোপ আশা দেখাচ্ছিলেন শেষ দিন ইনিংস ঘোষণার। কিন্তু ইয়াসির শাহের ঘূর্ণিতে এখন ম্যাচ তো বটেই, সিরিজ হারের শঙ্কায় পড়েছে স্বাগতিকরা।

বার্বাডোজে ১ উইকেট হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে ১৮৩ রানের। পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির ৬ উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। শেষ সেশনেই নেন তিনি ৫ উইকেট। প্রথম টেস্টেও ৬ উইকেট নিয়েছিলেন সফরকারী এ স্পিনার।

বুধবার ম্যাচের চতুর্থ দিন হোপের ব্যাটিং নৈপুণ্যে পাকিস্তানকে শক্ত টার্গেট দেওয়ার আশা দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেট হাতে রেখে ১৫৪ রানের লিড নিয়ে ক্যারিবীয়রা শেষদিন সকাল সকাল ইনিংস ঘোষণার আভাস দিচ্ছিল। কিন্তু হোপ ৯০ রানে ইয়াসিরের বলে আজহার আলীকে ক্যাচ দিলে সব সম্ভাবনা শেষ হয়ে যায়। মাত্র ৮ বলে ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। শেষ বিকেলে ইয়াসিরের ঘূর্ণিতে তারা কুপোকাত না হলে বেশ জমজমাট প্রতিদ্বন্দ্বিতা হতো শেষ দিনে।

৯ উইকেটে ২৬৪ রানে বৃহস্পতিবার পঞ্চম দিনের খেলা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। দেবেন্দ্র বিশু ১৬ রানে অপরাজিত আছেন। ৩ বল খেলে এখনও রানের খাতা খুলতে পারেননি শ্যানন গ্যাব্রিয়েল। এ জুটি ভাঙলেই পাকিস্তানের জয়ের লক্ষ্য নির্ধারণ হবে। সফল হলে তিন ম্যাচের সিরিজ তারা নিশ্চিত করবে এক ম্যাচ হাতে রেখেই। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/