ভারতকে চ্যাম্পিয়নস ট্রফিতে দেখতে চান টেন্ডুলকার-দ্রাবিড়

dravid-sachinএখনও সুতোয় দুলছে ভারতের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের বিষয়টি। বর্তমান চ্যাম্পিয়নরা ইংল্যান্ডের টুর্নামেন্টে খেলবে কিনা, সেই সংশয় তাই যথেষ্ট। গোটা ক্রিকেট বিশ্ব ভারতের দল ঘোষণার অপেক্ষায় যখন, তখন আর সবার মতো অপেক্ষায় আছেন ভারতের সাবেক ক্রিকেটাররাও। এমনকি দেশটির কিংবদন্তি দুই খেলোয়াড় শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ও চান চ্যাম্পিয়নস ট্রফিতে খেলুক ভারত।

২৫ এপ্রিল ছিল চ্যাম্পিয়নস ট্রফিতে দল ঘোষণার শেষ দিন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বেঁধে দেওয়া সময়ের মধ্যে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৮ দলের ৭ দল স্কোয়াড ঘোষণা করলেও ভারত করেনি। অনেক দিন ধরেই ভারতের চ্যাম্পিয়নস ট্রফি বয়কটের গুঞ্জনটা যেন তাতে আরও ভিত পায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে যাই ঘটুক, টেন্ডুলকার ও দ্রাবিড়ের চাওয়া ভারতের অংশগ্রহণ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’র খবর, টেন্ডুলকার-দ্রাবিড় সহ ভারতের সাবেক ১২ ক্রিকেটার আছেন, যারা চান ১ জুন থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় ভারত নামুক শিরোপা ধরে রাখতে।

বর্তমান চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে সংশয় কিছুটা কেটেছে কমিটি অব অ্যাডমিনিস্টেটরের (সিওএ) সিদ্ধান্তে। বিসিসিআইয়ের এই পরিচালনা কমিটি নির্দেশ দিয়েছে দ্রুত দল নির্বাচনের। তাছাড়া চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সব নাটকের শেষ হওয়ার কথা ৭ মে। দিল্লিতে ওই দিন ‘স্পেশাল জেনারেল মিটিংয়ে’ সিদ্ধান্ত নেওয়ার কথা ভারতের অংশগ্রহণের ব্যাপারে। ক্রিকইনফো

/কেআর/