বাড়লো নারী বিশ্বকাপের প্রাইজমানি

Womens-World-Cup-2017নারী ক্রিকেট বিশ্বকাপে বড় অংকের টাকাই ঢালছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। যার প্রথম পদক্ষেপ হিসেবে ২০১৭ বিশ্বকাপে মেয়েদের প্রাইজমানি বাড়িয়েছে সংস্থাটি। ২ লাখ থেকে বেড়ে এখন সেটি হয়েছে ২০ লাখ মার্কিন ডলারে।

২০১৩ সালের সংস্করণে প্রাইজমানি ছিল ২ লাখ ডলার। এবার তা বাড়ানোর পেছনে কারণ হিসেবে আইসিসি প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘নারীদের ক্রিকেটের চূড়াই হচ্ছে নারী বিশ্বকাপ। তাই তাদের প্রাপ্তিটা ভালোভাবে বুঝিয়ে দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১৩ সাল থেকে সেটি এখন বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখে। যার মধ্য দিয়ে নারীদের ক্রিকেটের প্রতি সংস্থাটির দায়িত্ববোধ প্রকাশ পাচ্ছে।’

শুধু প্রাইজমানিই নয় নারীদের ক্রিকেট বিশ্বকাপে এবারই প্রথম বল বাই বল লাইভ দেখানো হবে। যাতে থাকবে ডিআরএস।

এবারের নারী ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে; শুরু হবে ২৪ জুন। বাংলাদেশ বাছাই পর্ব পার হতে পারেনি এবারের আসরে। বাকি দলগুলো হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।

/এফআইআর/