জিতেই চলেছে গাজী গ্রুপ
ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বড় স্কোরের আভাস পাচ্ছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিশেষ করে এনামুল হক যতক্ষণ ক্রিজে ছিলেন। এ ওপেনার ছোটোখাটো ঝড় তুলেছিলেন। কিন্তু সেঞ্চুরির আক্ষেপে পুড়তে হয়েছে তাকে। ৯৭ বলে ৫ চার ও ৪ ছয়ে ৯৩ রান করেন এনামুল। এছাড়া সোহরাওয়ার্দী শুভর ৪১ ও অধিনায়ক নাদিফ চৌধুরীর ৩৩ রানের কল্যাণে শেষ পর্যন্ত ২৩৬ রান তুলতে সমর্থ হয় গাজী গ্রুপ।
তাদের ৪৮.৪ ওভারে গুটিয়ে দিতে ৩টি করে উইকেট নেন মোহাম্মদ সাদ্দাম ও অলক কাপালি।
লক্ষ্যটা ছোট হলেও আবু হায়দার রনির আগুনে পুড়েছে ব্রাদার্স। মাত্র ৩১ রানে ৩ উইকেট হারালে অধিনায়ক কাপালির ব্যাটে লড়াই করতে থাকে তারা। এমএস বিসলাকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন কাপালি। কিন্তু ১ রানের আক্ষেপ নিয়ে ৪৯ রানে আউট হন ব্রাদার্সের এ অধিনায়ক।
তারপরও জয়ের দৌড় থেকে ছিটকে যায়নি ব্রাদার্স। তবে তাদের বড় ধাক্কা খেতে হয় ৩৯তম ওভারে। আবু হায়দার ওই ওভারে বিসলা (৫৬) ও ধীমান ঘোষকে (৩২) সাজঘরে পাঠান। আর ঘুরে দাঁড়াতে পারেনি ব্রাদার্স। ৪৮.৫ ওভারে ২২৬ রানে গুটিয়ে যায় তারা।
আবু হায়দার ৪ উইকেট নেন। ২টি করে পান মেহেদী হাসান ও শহীদুল ইসলাম।
সেঞ্চুরির আক্ষেপ থাকলেও দলকে সম্মানজনক স্কোর এনে দিয়ে ম্যাচসেরা হন এনামুল।
৭ ম্যাচের সবগুলো জিতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল গাজী গ্রুপ। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা পিছিয়ে ৪ পয়েন্টে। আবাহনী, প্রাইম ব্যাংক, মোহামেডান ও শেখ জামাল সবার পয়েন্ট সমান ম্যাচে ১০।
বিফলে গেল রাজ্জাকের দারুণ বোলিং
পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে পঞ্চম রাউন্ডে ৫ উইকেট নিয়েছিলেন রাজ্জাক। জামালের অধিনায়ক এক ম্যাচ বিরতি দিয়ে আবারও একই কীর্তি গড়লেন খেলাঘরের বিপক্ষে। ১০ ওভারে ৫ উইকেট তিনি নেন ৫২ রানে।
খেলাঘরের ওপেনার রবিউল ইসলাম রবি ১০৩ রান করেন ১২৬ বলে, ১০ চার ও ২ ছয়ে সাজানো তার দারুণ এ ইনিংস। রাজ্জাকের স্পিনের সামনে দারুণ প্রতিরোধ গড়লেও তার বলেই আউট হন রবি। তার আগে সালাউদ্দিন পাপ্পু (৪৬) ও অমিত মজুমদারের (৫৮) উইকেট নেন শেখ জামালের অধিনায়ক। খেলাঘরের ৮ উইকেটে ২৬৬ রানের স্কোরবোর্ডে এ তিন ব্যাটসম্যানের অবদানই সবচেয়ে বেশি।
লক্ষ্যটা জামালের জন্য খুব বড় না হলেও খেলাঘরের পেসার তানভীর ইসলাম তাদের আটকে দিতে অবদান রাখেন। ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ৭৫ রানে জামাল ৪ উইকেট হারালে রাজিন সালেহ ও জিয়াউর রহমানের ১০৮ রানের জুটি স্বস্তি ফিরিয়েছিল। কিন্তু জিয়া ৭৫ রানে আউট হলে আর ঘুরে দাঁড়াতে পারেনি জামাল। রাজিন ৭৬ রানে আউট হন। ৪৭.২ ওভারে ৯ উইকেটে ২৪৬ রান করে জামাল। রাজ্জাক রিটায়ার্ড হার্ট হওয়ায় আর নামেননি।
৭ ম্যাচ শেষে ২০ রানের তৃতীয় জয়ে ৬ পয়েন্টে টেবিলের ৮ নম্বরে উঠে এসেছে খেলাঘর।
পারটেক্সের প্রথম জয়
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সাজানো গোছানো ইনিংস খেলেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। টপ অর্ডার ব্যাটসম্যানদের সৌজন্যে তারা ৫ উইকেটে ২৭৮ রান করে। ইরফান শুক্কুর (৫৮) ও সাজ্জাদুল হক (৫৩) ফিফটি হাঁকান। এছাড়া সাজ্জাদ হোসেনের ৪৬, যতীন সাক্সেনার ৩৪ ও রাজিবুল হাসানের অপরাজিত ৩০ রান ভালো অবদান রাখে।
কলাবাগান ক্রীড়াচক্রের নাবিল সামাদ সর্বোচ্চ ৩ উইকেট নেন।
জবাব দিতে নেমে ইমরান আলীর বোলিংয়ে কুপোকাত হয় কলাবাগান। পারটেক্সের এ বোলার তার লিস্ট এ ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই পেয়ে গেলেন ৫ উইকেট। ৭.১ ওভারে ৪২ রান দেন তিনি।
ইমরানের বোলিংয়ে মাত্র ৪৬.১ ওভারে ২১৬ রানে গুটিয়ে যায় কলাবাগান। সর্বোচ্চ ৪৫ রান করেন হ্যামিলটন মাসাকাদজা। এছাড়া ৩৪ রান আসে জসিমউদ্দিন, তাসামুল হক ও নুরুজ্জামানের ব্যাটে।
/এফএইচএম/