এ বছরের জুনে আইসিসির বার্ষিক সভা শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মনোহর। কিন্তু ক্রিকেটের শীর্ষ সংস্থায় যে পুনর্গঠন তিনি শুরু করেছেন, তা শেষ না হওয়া পর্যন্ত তাকে থেকে যাওয়ার অনুরোধ করেছে অন্য দেশের ক্রিকেট বোর্ডগুলো।
বুধবার এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘আগামী ২০১৮ সালের জুনে নির্বাচিত মেয়াদ পর্যন্ত আইসিসির স্বাধীন প্রেসিডেন্ট হিসেবে কাজ করে যাবেন শশাঙ্ক মনোহর।’
২০১৬ সালের মেতে প্রথম স্বাধীন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন মনোহর। দায়িত্ব পেয়েই তিনি ‘বিগ থ্রি’ নীতির অবসানে কাজ করে গেছেন। তিন বছর আগে একজোট হওয়া সেই তিন মোড়লের আধিপত্যের শেষ হয়েছে সপ্তাহ দুয়েক আগে। দুবাইয়ে আইসিসির বোর্ড ও কমিটির সভায় পরিচালনা ও অর্থ সংক্রান্ত নতুন মডেলে রাজস্ব ভাগাভাগির বিষয়টি পাস হয়েছে ১৩-১ ভোটে। যেখানে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) ক্ষমতা হ্রাস পেয়েছে। সংস্কার হওয়া প্রস্তাবগুলো পুরোপুরি কার্যকর হতে অপেক্ষায় থাকতে হবে আগামী জুনের আইসিসির পূর্ণ কাউন্সিল পর্যন্ত।
আরও কিছু সংস্কার আনার লক্ষ্যে কাজ করবে আইসিসি। আগামী দুই বছর সেই পরিবর্তনের নেতৃত্বে থাকবেন মনোহর। সূত্র- এনডিটিভি, দ্য হিন্দু
/এফএইচএম/