প্রস্তুতি ম্যাচে সাব্বিরের দুরন্ত সেঞ্চুরি

প্রস্তুতি ম্যাচে দারুণ সেঞ্চুরি এসেছে সাব্বির রহমানের ব্যাট থেকেআয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু হওয়ার আগে বুধবার একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ আইরিশদের একাডেমি ও ‘এ’ দল নিয়ে গড়া আয়ারল্যান্ড উলভস।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি সাব্বির রহমানের দুর্দান্ত সেঞ্চুরি। মাত্র ৮২ বলে ১৬ চার ও এক ছক্কায় ঠিক ১০০ রান করে স্বেচ্ছায় মাঠ থেকে ফিরে আসেন তিনি। এছাড়া তামিম ইকবালের ব্যাট থেকে এসেছে ৭৪ বলে ৮৬ রানের চমৎকার ইনিংস।

দেশ ছাড়ার আগে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করার প্রত্যয় জানিয়েছিলেন সাব্বির। কন্ডিশনের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার ওপর গুরুত্বও দিয়েছিলেন। বুধবারের ইনিংস বুঝিয়ে দিচ্ছে, প্রতিকূল পরিবেশের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছেন তিনি।।

সীমিত ওভার ক্রিকেটে অনেক দিন ধরেই সাব্বির বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। সাধারণত তিন নম্বরে ব্যাট করতে নামেন তিনি। উলভসের বিপক্ষে তিনেই ব্যাট করে তিনি স্পর্শ করেছেন ‘ম্যাজিক ফিগার’।

/আরআই/এএআর/