পাকিস্তানকে জবাব দিতে নেমে সতর্ক ওয়েস্ট ইন্ডিজ

আজহারের সেঞ্চুরি উদযাপনপ্রথম ইনিংসে পাকিস্তানের ৩৭৬ রানের জবাব দিতে নেমে শেষ এক ঘণ্টা খুব সাবধানে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। একটি উইকেটও তারা হারাতে দেয়নি। দুই ওপেনার ক্রেইগ ব্রাদওয়েট ও কাইরন পাওয়েল ১১ ওভার ক্রিজে থেকে স্কোরবোর্ডে জমা করেছেন মাত্র ১৪ রান।

প্রথম দিনের মতো বৃহস্পতিবারও ঝলমলে ব্যাট করেছে পাকিস্তান। মিসবাহ উল হক ও সরফরাজ আহমেদের হাফসেঞ্চুরির আগে আজহার আলীর সেঞ্চুরি দ্বিতীয় দিনকে স্মরণীয় করে রেখেছে। তবে দিন শেষ হওয়ার কিছুক্ষণ আগে হতাশ করেছে ব্যাটসম্যানরা। শেষ ৫ উইকেট তারা হারায় ৬৫ রানে।

আজহার ৮৫ রানে খেলতে নেমেছিলেন, আর ইউনিস খান ১০ রানে। দিনের শুরুতেই উইকেট হারান ইউনিস, ইনিংসকে সমৃদ্ধ করতে পারেননি তিনি। ৭৫ বল খেলে ১৮ রান করে আউট হন এ অভিজ্ঞ ব্যাটসম্যান।

আজহার ২৬৬ বল খেলে ৭ চার ও ২ ছয়ে ১৪তম টেস্ট সেঞ্চুরি পান। তার ১২৭ রানের ইনিংস শেষ হয় রোস্টন চেজের কাছে বোল্ড হয়ে।

পরে মিসবাহ ও সরফরাজের পারফরম্যান্স পাকিস্তানকে তিনশর উপর স্কোর এনে দেয়। মিসবাহ ৫৯ ও সরফরাজ করেন ৫১ রান।

ক্যারিবীয়দের পক্ষে চেজ ৪ উইকেট নেন। তার চেয়ে একটি কম উইকেট পেয়েছেন জেসন হোল্ডার। স্বাগতিক অধিনায়ক তার তিন উইকেটের দুটিই পেয়েছেন এক ওভারেই।

দিন শেষে ব্যাটিং ক্রিজে ব্রাদওয়েট ৫ ও পাওয়েল ৯ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেট হাতে রেখে এখনও ৩৬২ রানে পিছিয়ে। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/