ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। মাত্র ৯ রানের ব্যবধানে দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে হারায় তারা। সেই ধাক্কা সামাল দিয়েছিলেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। কিন্তু তাদের জুটি ভাঙতেই আবার নাজুক ব্যাটিং লাইনআপ।
শুক্রবার বৃষ্টির কারণে প্রায় আধঘণ্টা পর মাঠে নামে দুই দল। প্রথম ওভারে ৪ রান তোলার পর দ্বিতীয় ওভারে চেজের বলে নিয়েল ও’ব্রায়েনের হাতে ক্যাচ দেন সৌম্য (৫)। সাব্বির রহমান নেমে খুব বেশি লম্বা করতে পারেননি ইনিংস। ১ ওভার বিরতি দিয়ে চেজের দ্বিতীয় শিকার হন তিনি। ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এ মারকুটে ব্যাটসম্যান। ক্রিজে তামিমের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে আউট হন মুশফিক। ১৭ বলে ১৩ রানে তিনি ব্যারি ম্যাকক্যার্থির শিকার হন। তামিম একপ্রান্ত আগলে রাখলেও সাকিবকে আউট করেন চেজ। তাকে ১৬ বলে ১৪ রানে তাকে নিয়েল ও’ব্রায়েনের ক্যাচ বানান এ পেসার। তামিমের সঙ্গে ক্রিজে আছেন মাহমুদউল্লাহ।
চ্যাম্পিয়নস ট্রফির আগে শুরু হওয়া ত্রিদেশীয় এই সিরিজটি বাংলাদেশর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজে ভালো খেলে দলের প্রত্যেকে আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডে যেতে উন্মুখ হয়ে আছেন। দলের অধিনায়ক মাশরাফিও তেমনটাই জানালেন, ‘ত্রিদেশীয় সিরিজটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি এখানে ভালো করতে পারি, চ্যাম্পিয়নস ট্রফির আগে আমাদের আত্মবিশ্বাস ভালো থাকবে। দলের প্রতিটি খেলোয়াড় ভালো খেলতে উন্মুখ হয়ে আছে।’
শুধু চ্যাম্পিয়নস ট্রফির আত্মবিশ্বাস নেওয়ার খোরাক নয় ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশকে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করার হাতছানি দিচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে চ্যাম্পিয়ন হতে পারলেই নিশ্চিত হয়ে যাবে টাইগারদের সরাসরি খেলা।
অবশ্য সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। এক বছরে দুইবার স্লো ওভার রেটিংয়ের দায়ে এ ম্যাচে নিষিদ্ধ নিয়মিত অধিনায়ক মাশরাফি মুর্তজা। দলে জায়গা পেয়েছেন রুবেল হোসেন। আর কোনও পরিবর্তন নেই। ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজের পর দলে ঢুকলেন রুবেল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
/এফএইচএম/