নিউজিল্যান্ডের নতুন দলের বিপক্ষে মুখিয়ে সাকিব!

prv_1494668486ত্রিদেশীয় সিরিজে পরের ম্যাচে নিউজিল্যান্ডের ‍মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিব জানিয়েছেন, সেই ম্যাচে অভিজ্ঞতার অভাব থাকবে কিউইদের, ‘বলতে গেলে ওদের নতুন দলই।’ যার ব্যাখ্যাও দিয়েছেন টি-টোয়েন্টির এই অধিনায়ক, ‘কারণ তারা বেশিরভাগই আইপিএলে খেলছে। তাই অভিজ্ঞতার খানিকটা অভাব থাকবে। কিন্তু র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় ওরা কিন্তু ছেড়ে কথা বলবে না।’

আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে হতাশা ছিল বাংলাদেশের। সঙ্গে ছিল বৃষ্টির হতাশাও। আইরিশদের এমন কন্ডিশনে খেলতে খাপ খাওয়াতে সময় লাগবে বলেই মনে করছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে মাশরাফি নিষিদ্ধ থাকায় অধিনায়কত্বে ছিলেন তিনি। সেই সাকিব বললেন, ‘স্বাভাবিকভাবে আমরা যাতে অভ্যস্ত তা থেকে এই কন্ডিশনটা ব্যতিক্রম। সহজ ছিল না শুরুতে। যদিও ধীরে ধীরে বল যখন পুরনো হয়ে আসে তখন বল ঠিকঠাকভাবেই ব্যাটে আসছিল।’

সত্যিই তাই ছিল প্রথম ম্যাচে। পরিত্যক্ত হওয়া সেই ম্যাচে টস হেরে ব্যাট করে বাংলাদেশ। আইরিশ পেসারদের বোলিং তোপে ৭০ রানেই ৪ উইকেট হারিয়ে বসে টাইগাররা। পিটার চেজ নেন ৩ উইকেট। এরপর বাংলাদেশ ঘুরে দাঁড়ায় তামিমের ব্যাটে। অপরাজিত ছিলেন ৬৪ রানে। মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে সেই ৪ উইকেটেই ১৫৭ রান তুলে সফরকারীরা। দুজনের এমন পারফরম্যান্সকে আলাদাভাবেই মূল্যায়ন করলেন সাকিব, ‘তামিম অসাধারণ খেলেছে। মাহমুদউল্লাহও দুর্দান্ত ছিল। সে অপরাজিত ছিল ৪৩ রানে। এই জুটিই আমাদের মোমেন্টাম পাল্টে দিয়েছে।’

ব্যাটিংয়ের শুরুর দিকে ভীতিকর এই কন্ডিশনে বাংলাদেশের অভিজ্ঞতাকে অন্যরকম বলেই মনে করছেন সাকিব, ‘এটা আসলে অভিজ্ঞতা। তবে আমরা এখন নিউজিল্যান্ডের ম্যাচের জন্য মুখিয়ে আছি।’

/এফআইআর/