ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মঙ্গলবার হওয়ার কথা থাকলেও বৃষ্টি ৪ বলের বেশি হতে দেয় নি। বুধবার একই ভেন্যুতে নতুন করে শুরু হয়েছে ম্যাচটি। বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৯.১ ওভারে ১৭৩ রানে অলআউট হয়ে গেছে প্রাইম ব্যাংক। সর্বোচ্চ ৫৪ রান এসেছে ওপেনার শাহনাজ আহমেদের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান জাকির হাসানের। গাজী ক্রিকেটার্সের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন আবু হায়দার রনি ও গুরকিরাত সিং। নাসিরের শিকার দুই উইকেট।
এবারের লিগের অন্যতম আলোচিত বিষয় নাসিরের পারফরম্যান্স। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের জন্য মাত্র ৬টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। এই ৬ ম্যাচে দুটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিসহ তার মোট রান ৪২১। মাত্র একবার আউট হয়েছেন বলে গড়ও ৪২১!
গাজী ক্রিকেটার্সের জয়ে শিরোপা লড়াই এখন আরও জমজমাট। আবাহনী ও গাজী ক্রিকেটার্সের সংগ্রহ ২২ পয়েন্ট করে। ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। তিন দলেরই আর দুটি করে ম্যাচ বাকি।
/আরআই/এএআর/