শোয়েব মালিকের দারুণ কীর্তি

ভারতের মুখোমুখি হওয়ার আগে প্র্যাকটিসে শোয়েব মালিকচ্যাম্পিয়নস ট্রফির ‘বি’ গ্রুপে চলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই। এজবাস্টনে মাঠে নেমে দারুণ এক কীর্তি গড়েছেন শোয়েব মালিক।  চ্যাম্পিয়নস ট্রফির টানা ছয় আসরে খেলছেন পাকিস্তানের এই অভিজ্ঞ অলরাউন্ডার।

শোয়েব মালিকের আগে ৮ ক্রিকেটার এই টুর্নামেন্টের টানা ছয় আসরে খেলার কৃতিত্ব দেখিয়েছিলেন। তারা হলেন-অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ভারতের রাহুল দ্রাবিড়, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও মার্ক বাউচার এবং শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা।

২০০২ সালে শ্রীলঙ্কার কলম্বোতে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েছিলেন মালিক। এরপর ২০০৪, ২০০৬, ২০০৯, ২০১৩ ও এবার মাঠে নেমে সাবেক আট তারকার পাশে দাঁড়ালেন তিনি।

ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে মালিকের পারফরম্যান্স যথেষ্ট উজ্জ্বল। আজকের আগে ১৫ ম্যাচের ১৪ ইনিংসে ব্যাট করে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিসহ ২৫.০৭ গড়ে ৩২৬ রান করেছেন তিনি। পাশাপাশি অফব্রেক বোলিংয়ে ২৬.৬ গড়ে নিয়েছেন ১০ উইকেট। সেরা ইনিংস ২০০৯ সালে  ভারতের বিপক্ষে ১২৮। মালিকের ওই দুর্দান্ত ইনিংসের সুবাদে চিরপ্রতিদ্বন্দ্বীকে ৫৪ রানে হারিয়েছিল পাকিস্তান।

/আরআই/এএআর/